এ.টি.এম.মোস্তফা কামাল'এর ব্লগ
বিদেশী সাংবাদিকের প্রতি
আপনি বিদেশ থেকে এসেছেন ?
সাক্ষাতকার নেবেন জনৈক বিখ্যাত মানুষের ?
এদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা বলবেন ?
ভুল হয়ে গেছে আপনার !
আমাদের যুদ্ধ যদি কারো জানা থাকে
তারা হলো-
এদেশের মাটি,
এদেশের নদী, খাল-বিল,
এদেশের সমগ্র নিসর্গ,
নদী মাঠ আর বন
এরাই দেখেছে সব নিজ চোখে
এরা আপনাকে দেবে সে বৃদ্ধ বা বৃদ্ধার খোঁজ
কিংবা পিতৃহীন ছেলেমেয়ে ঘেরা বিধবা রমনী
কান্না যার নিত্যসহচর
তাদের ঠিকানা
যাদের সন্তান কিংবা স্বামী
অথবা যাদের বাবা
রক্তাক্ত শরীরে আছে শুয়ে
আজো সেদিনের মতো সশস্ত্র উদ্যত হাতে
মাটি বুকে নিয়ে
অনন্ত সময় জোড়া
বিষন্ন নিদ্রায় বুঁদ
এখনো সময় আছে
তাদের কাছেই যান
স্বাধীনতা ওইখানে বাসা বেঁধে আছে।
বৃষ্টি বৃষ্টি
বৃষ্টি এলো মন কাঁপিয়ে
কাঁপছে শরীর শীতে !
বৃষ্টি ভেজা মুখ দেখিয়ে
রোদের বিপরীতে
সেই যে কবে ছুটেছিলাম
ঘামের গোসলসহ
সেই স্মৃতিটা বৃষ্টি ভিজে
লাগছে দুর্বিষহ !
কদম ভেজা সোঁদা সুবাস
লাগছে নাকে দারুন
আমার হাতের কদম দেখুন
নাইবা নিতে পারুন
ভিজলে হবে শরীর খারাপ
ভয় থাকে খুব বেশী
ভেজা চুলের দারুন ছবির
নাম যে এলোকেশী
একাই ভিজে মনটা আমার
ভীষণ এলোমেলো
সঙ্গী ছাড়া বৃষ্টি ভিজে
ভেজাই বৃথায় গেলো !
ঢাকার ছড়া
সামনে যদি চলতে বলেন
বলছে ঢাকা, না।
পেছনদিকে ফিরতে বলেন
বলছে ঢাকা, না।
ডাইনে বামে সরতে বলেন
বলছে ঢাকা, না।
তাইলে ঢাকার বাইরে চলো
বলছে ঢাকা, না।
উঠতে বলেন বসতে বলেন
বলছে ঢাকা, না।
সরাও ট্রাফিক জ্যামের বাধা
বলছে ঢাকা, না।
গন্ধ ধূলা গরম সরাও
বলছে ঢাকা, না।
রাস্তা থেকে ভাঙন সরাও
বলছে ঢাকা, না।
বিজলী, পানির অভাব সারাও
বলছে ঢাকা, না।
নিভাও বাজার দরের আগুন
বলছে ঢাকা, না।
খাবার থেকে ভেজাল সরাও
বলছে ঢাকা, না।
স্বপ্ন ভাঙার রেওয়াজ সরাও
বলছে ঢাকা, না।
সকল ''না''-এর কারণ বলো
বলছে ঢাকা, না।
তোমার ভয়ের কারণ বলো
বলছে ঢাকা, না।
''না'' বিদায়ের তারিখ বলো
বলছে ঢাকা, না।
ঢাকায় তবে থাকবো না আর
বলছে ঢাকা, না।
তারপরেও থাকছি ঢাকায়
তাইরে নাইরে না !!!!!!!
অদ্ভুত আঁধার এক .............
অদ্ভুত আঁধার এক
এই দেশে এসেছে আবার !
আমার বোনের দেহে
গুরুর লোলুপ ক্ষুধা
নিবারিত হয়েছে এবার !!!!!
আরো বেশী মরে গেছি
নারীর বেদনা দেখি
বোঝে নাই নারী !!!!!
লোলুপ গুরুর মাথা
আরেক গুরুর ছাতা
যোগায় সাহস !!!!!!!!!!!!!!!!!!!!!!!
হায় রে পদের লোভ !!!!
এই বার এরা দেখি
খুলেছেন আঁধারের
মহাপাঠশালা !!!!!!
এমন আঁধার পাঠ
কোন কালে কোন দেশে
মেলেছিলো এতো ডালপালা ?
জেগে ওঠা বিবেকের
মহাসমাবেশে
আঁধারের ক্রর হাসি
আসিতেছে ভেসে !!!!!!!!!!!!!!!!!!
তবুও বিবেক আর
মানবে না হার !
যতোই রাঙাক চোখ
নতুন আবাস গড়া
নিকষ নিঝুম এই
গহীন আঁধার !!!!!!!!!!!!!!!!!!
বৃষ্টি.....
বৃষ্টিরা ঝরে যায় শহরে ও গ্রামে
চাল বেয়ে জল পড়ে বালতি ও ড্রামে
ভেসে যায় নদী খাল রাস্তাও ভাসে
কারো মনে রঙ লাগে কারো ঘর ভাসে
কেউ দেবে প্রিয় ঘুম ঢুকে কম্বলে
কেউ ঘরে ঢুকে যায় কেউ পথে চলে
মজা করে খাবে কেউ খিচুড়ি ইলিশ
বর্ষার গান শুনে দেবে কেউ শিস
জীবনের ঘানি কেউ টানে জলে ভিজে
তার ব্যথা বৃষ্টিও ভাবে না যে নিজে
আপন খেয়ালে ঝরে যখন তখন
বড়োই কঠিন বোঝা বৃষ্টির মন।
নজরুল
কবি নজরুল,
তাকে নিয়ে বার বার করে ফেলি ভুল !
বিদ্রোহী কবি বলে ডেকে রাত দিন
বাকী সব তার নিচে হয়েছে বিলীন !
কেউ আছি গানে মজে কেউ কবিতায়
বাকী সব কাজ তাঁর আড়ালে লুকায়
কেউ তাঁকে করে ফেলি ইসলামী কবি
কেউ তাঁর শ্যামা গীতি দিয়ে আঁকি ছবি
কেউ বলে আধুনিক কবি নন তিনি
কোন নামে তবে তাঁকে সকলেই চিনি ?
তাঁকে নিয়ে এই সব চলতেই পারে
জানতেন আগে থেকে কবি এ ব্যাপারে
বহু আগে কবিতায় লিখেছেন তাই
সে কথাই আজ আমি তাহলে শোনাই-
''নর ভাবে, আমি বড় ননারী-ঘেঁষা ! নারী ভাবে, নারী বিদ্বেষী।
বিলেত ফেরেনি, প্রবাসী-বন্ধু ক'ন, এই তব বিদ্যে, ছি !''
সব কিছু মিলে তিনি সকলের কবি
রবি ঠাকুরের পাশে তিনি এক রবি
তাঁর কথা ধার করে আঁকি তাঁর রূপ
বলেছেন সংক্ষেপে জ্বলমান ধূপ-
''আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য;'
জনতার মনে থাকে জনতার কবি
নন্দ ঘোষের ভাই
কোথায় রে ভাই নন্দ ঘোষ ?
সব কিছুতে আমার দোষ !
যেই খানেতে যাই ঘটে
শুধুই আমার নাম রটে
ব্যাঙের হলে সর্দি জ্বর
ভাঙলে কারো পুরান ঘর
আগাম যদি বৃষ্টি হয়
ঢাকায় জ্যামের সৃষ্টি হয়
বাড়ায় যদি তেলের দাম
কাকরা জপে বেলের নাম
গাড়ীর তলে মরলে কেউ
সাগর জলে উঠলে ঢেউ
কেউ যদি হয় ভোটেই ফেল
সবাই দেখে দারুন খেল
চোখ বুজেঁ সব হাত তুলে
আমার নামে রব তুলে
জানায় সারা বিশ্বকে
চেনায় অধম নিঃস্বকে
এই ব্যাটাই ডোবায় সব
এর মাথাতেই ভাঙ্গো টব
যাচাই বাছাই বিচার নাই
এই ব্যাটাটার কল্লা চাই
কেউ শোনে না আমার স্বর
শাপ হয়ে যায় আমার বর
নন্দ দাদা, আয় না ভাই
তোর বুকেতে মুখ লুকাই
তুই ছাড়া কেউ নেই আপন
তাই জানালাম নিমন্ত্রন
গরুর খাঁটি দুধ
বাজার থেকে আনছি কিনে খাঁটি গরুর দুধ !
আসল কথা গরুই খাঁটি নয় তো খাঁটি দুধ !
আগের দিনে দুধের সাথে মিশেল দিতো পানি।
দুধটা ভেজাল সত্যি ছিলো বিষাক্ত নয় জানি
দিন বদলের পরে
বদলে গেলো ভেজাল দেয়া আপন নিয়ম ধরে
খাঁটি গরুর দুধ কিনে নেয়, মিশায় পানি খাঁটি
তার পরে যে দেয় ডুবিয়ে ফরমালিনের বাটি
ফরমালিনে ভেজাল আছে বলছি না তা আমি
সস্তা জিনিস মিশাচ্ছে না সকল কিছুই দামী
সকল খাঁটির মিশেল নিয়ে দুধের প্যাকেট আসে।
স্বাস্থ্য বানাই আপন মনে দুধ খেয়ে সব হাসে !