মধ্যরাতের আয়নায়..[এলোমেলো কাব্যকথন!]
#
সময় -
মধ্যরাত।
একলা আকাশে একলা চাঁদের মসৃন পথচলা,
দূরের তারার হঠাত্ আলো;
জ্বলে জ্বলে নিভে যায়,
ঝরে যায় সহসাই।
নিঝুম আঁধারে অচেনা আলোর ঝলকানি,
ঘুমঘোর পৃথিবীর এক বেমানান জানালায় ফ্লুরোসেন্ট বাতির আনাগোনা।
অগোছালো পড়ার টেবিলে,
মধ্যরাতের আয়নায়;
দিনভর -
ক্লান্ত সময়ের ফাঁকে পাওয়া টুকরো সুখের ছোঁয়া।
একলা রাতের প্রহর -
চায়ের কাপে মিষ্টি সুবাস,
মৃদু চুমুকে স্বস্তির তৃপ্তি।
সময়ে,
বাতি নিভে যায়।
আঁধারের চাদরে,
নিশ্চুপ জেগে থাকা।
দূরে কোথাও,
নিঃশ্বাসে;
বাতাসে বৃষ্টির গন্ধ।
চার দেয়ালের আড়ালে বদ্ধ জানালা,
পথ ভুলে আসা ঝড়ো হাওয়ায় কালবোশেখীর নিমন্ত্রন।
ঘুমাচ্ছন্ন দুচোখে,
স্বপ্নমাখা মৃদু হাসি;
অকারন -
ছুঁয়ে যায় মন।।
[সচলায়তন, ১৯-০৪-১০খ্রীঃ]





মন্তব্য করুন