অন্য এক গুরুর সান্নিধ্যে...
তার জীবনের প্রথম সেমিনারে নাকি একজন মাত্র দর্শক ছিলেন। তা সত্বেও তিনি বেশ যত্ন করে বক্তৃতা দেবার পরে যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন সেই একমাত্র শ্রোতা বলে উঠেছিলেন যে তাকে থাকতে হবে কারণ তিনিই পরের বক্তা! সেই লোকটাই ৮১ বছর বয়সে অর্ধেকটা পৃথিবী দূরে এসে প্রায় ১৩০০ লোককে সারাদিন মাতিয়ে গেলেন। আমি নিজে তাকে কাছ থেকে দেখার আগে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেও তিনি বাংলাদেশে এসেছেন আর আমাদের সৌভাগ্য হচ্ছে তার কাছ থেকে কিছু জানার।
![]()
ভদ্রলোকের নাম ফিলিপ কটলার, দুনিয়ায় তিনি “বিপণন গুরু” হিসাবে পরিচিত। ব্যবসায় পরিমণ্ডলে তার বই পড়েনি এমন কাউকে পাওয়া যাবে না। কাল সারাদিন তার কাছ থেকে জানা গেল মার্কেটিং এর নতুন গতি-প্রকৃতি। তার প্রিন্সিপাল অফ মার্কেটিং এর নতুন সংকলনে বাংলাদেশের কোন কোম্পানি হিসাবে প্রথমবারের মত এসিআই আলোচিত হয়েছে জেনে ভাল লাগলো। বাংলাদেশকে কান্ট্রি ব্রান্ডিং এর দিক-নির্দেশনা দিলেন তিনি। আর ঘোষণা দিয়ে গেলেন যে,আসন্ন ওয়ার্ল্ড মার্কেটিং ফোরামের হোস্ট হবে বাংলাদেশ যেটা বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরবে।
শাহরুখ-সালমান-অক্ষয়-ক্যাটরিনা কে না এনে ফিলিপ কটলার দের মত লোকদের এদেশে আনতে পারলে এদেশের উপকার হবে অনেক বেশী।
ফিলিপ কটলার যা দিয়ে তার বক্তব্য শেষ করলেন আমিও তাই দিয়ে শেষ করি। তিনি বিন লাদেনদের পারিবারিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কিছুদিন আগে গিয়েছিলেন সৌদিআরব (প্রসঙ্গ্তঃ বিন লাদেন পরিবার সেখানকার বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ওসামা অনেকদিন ধরেই তাদের থেকে বিচ্ছিন্ন)। সেখানে ওসামার এক ভাই, মোহাম্মাদ বিন লাদেন তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো “বিপণন গুরু” হিসাবে পরিচিত, আপনি কি পৃথিবী-ব্যাপী শান্তি বাজারজাত করতে পারেন? “বিপণন গুরু” এর উত্তর তখন দিতে পারেন নাই এবং এখনো তা খুঁজে বেড়াচ্ছেন...
~





মন্তব্য করুন