ইউজার লগইন

সুশীলতম উৎপাত

সবাই সুশীল হতে পারে না। একবার না পারিলে শতবার চেষ্টা করেও কেউ কেউ পুরোপুরি সুশীল হয় না। সুশীল হতে হলে জীনের সাহায্য লাগে। মানে জেনেটিক্যালি হয়ে আসতে হয়। ট্রেনিং, শিক্ষাদীক্ষা ঝাড়ফুঁক ইত্যাদি নিয়ে কেউ সুশীল হতে পারে না। আমি ভদ্রসমাজে সুশীল ভান করে থাকি ঠিকই। কিন্তু রাস্তায় মেজাজ খারাপ হলে মুখ দিয়ে যা বের হয় তার সাথে সুশীলতা মেলানো যায় না। বিপরীত দিকে বখে যাবার জন্যও যোগ্যতা লাগে। আমি বাল্যকালে অতীব বখা ছেলেদের সাথে বেশ কিছুকাল কাটিয়েছি। ভেবেছিলাম বখেই যাবো। কিন্তু সম্ভাবনায় গুড়ে বালি। বখাও হলো না আমার।

ওদিকে সুশীলদের সাথে বসবাস করেও ঠিক খাপ খাওয়াতে পারছিলাম না। মাঝে মাঝেই দড়ি ছেঁড়া হয়ে যেতাম। তারুন্যের শুরুতে আমার কয়েকজন সুশীল বন্ধুবান্ধবকে দেখে সুশীলতার দীক্ষা নিতে চেষ্টা করেছিলাম কিছুকাল। সাহিত্য সংস্কৃতির জগতে মেলামেশা হতো নিয়মিত। পাড়ায় কবি বন্ধু ছিল একজন। তার সাথে ঘুরে ঘুরে কবি সমাজে সমঝদারের খাতির পেতে লাগলাম। কবিতার ক-ও বুঝি না, কিন্তু না বুঝেও কা কা করলেও দেখি কবি সমাজ মারহাবা মারহাবা করে খুশী হয়। কোন কোন আড্ডায় কেউ কেউ আনকোড়া কবিতা পড়তে দিয়ে মতামতও চায়। আমি চোখ আধবোঝা করে উচ্চমার্গীয়তার ভান করি। কবি খুশী হয়। ভাগ্যিস 'কি বুঝিয়াছো বৎস' বলেনি, বললে রাম ধরা। আসলে সেই সময়টাতে প্রচুর বই পড়তাম ঠিকই কিন্তু উত্তরাধুনিক বা পরাবাস্তব কবিতা জিনিসটা আমার মাথার উপর দিয়েই যেতো। কিন্তু যাদের সাথে মিশতাম তারা সবাই উত্তরাধুনিক পরাবাস্তব কবিতাই লিখতো। তাই কষ্টের দিন যেতো যেদিন কয়েকজন কবি একসাথে নতুন কবিতা লিখে আনতো।

একদিন আমার এই সুশীল হবার খবর সংবাদ পৌছে গেল পাড়ার এক নবীন দার্শনিক কবির কানে। আমার ধারনাই ছিল না ছোকরা কবিতা লেখে। এক দুপুরে তার মোটা কবিতার খাতাটা আমার হাতে দিয়ে বললো, ভাইয়া আপনি একটু দেখে দেবেন পত্রিকায় পাঠানোর জন্য কোন কোন কবিতা দেয়া যায়। বুঝলাম উৎপাত শুরু হলো মাত্র। কারন ছেলেটা লাসা প্রকৃতির, বাজারে মাছঅলার সাথে কিংবা পথে রিকশাওয়ালার সাথে কি হয়েছে তা নিয়ে আধাঘন্টা বকবক করতে পারে। কী উৎপাতের কথা। এমনিতেই উত্তরাধুনিক কবিদের যন্ত্রনায় সুশীল আড্ডা ছাড়ি ছাড়ি অবস্থা। এদিকে ঘরেই কবিতা দিয়ে যাচ্ছে আরেকজন। সুশীল হবার যন্ত্রনা তো কম না?

তবু আমি কবিতার খাতাটা নিয়ে রেখে দিলাম গম্ভীর হয়ে। কবির নাম তৈয়ব। ভাগিয়ে দেবার কোন উপায় পাচ্ছিলাম না। কারন তৈয়ব আমার খুব ভক্ত। ভক্তকে নিরাশ করবো তেমন নিষ্ঠুর কি করে হই। তবু উৎপাত থেকে বাঁচার জন্য কদিনের জন্য তাকে দুরে রাখতে হবে। আমার অন্য কাজে ব্যাঘাত হচ্ছিল। কয়েকজন কট্টর লেখকের দাঁতভাঙা কয়েকটা বই ছিল আমার কাছে। ফরহাদ মজহার, আবুল কাশেম ফজলুল হক ইত্যাদি লেখকের তাত্ত্বিক বই। ওই বইগুলো আমার বদহজম হচ্ছিল তখন। বইগুলো গছানোর একটা উপায় পেয়ে আলোকিত হয়ে উঠলো চেহারা।

একদিন বিকেলে তৈয়ব কবিতার মতামত নিতে আসলে তার হাতে বইগুলো তুলে দিয়ে বললাম- "পড়েছো এ বইগুলো? অসাধারন বই। এগুলো না পড়লে ভালো কবিতা আসবে না। তুমি ওগুলো পড়ে শহীদের কাছে গিয়ে মতামত দিও। আর তোমার কবিতার খাতা ওর কাছে দেয়া আছে, তার চেয়ে ভালো আর কেউ জানে না কবিতা নিয়ে।"

শহীদ আমার ঘনিষ্ঠ বন্ধু, কবি মহলের অন্যতম কবিবর। একদিন কথায় কথায় বলছিল পাড়ায় একটাও শিক্ষিত লোক নেই যে তার কবিতা বোঝে। ভাবলাম নবীন কবি তৈয়বকে আবিষ্কার করে নিশ্চয়ই আনন্দিত হবে সে। পরের সপ্তাহ থেকে কবি তৈয়বের গন্তব্য বদলে গেল শহীদের বাসার দিকে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম সে যাত্রা।

কয়েকদিন পর শহীদ আমাকে রাস্তায় পাকড়াও করলো। "শালা কী একটা পাগল জুটিয়ে দিয়েছিস, দিনরাত ঘুমাতে পারি না, তার কবিতা নাকি ছাপাতে হবে আমার পত্রিকায়। কিন্তু খাতা খুলে দেখি নামধাম বদলে আস্ত কাজী নজরুল ইসলাম কাট করে মেরে দিয়েছে।"

আমি শিউরে উঠলাম ভেতরে ভেতরে। ভাগ্যিস পড়ি নাই। নইলে বলেই ফেলতাম, কবি আপনি তো মহান। কারন নজরুলের অনেক কবিতা তখনো পড়া হয়নি আমার।

মুখে বললাম, "দোস্ত আমারে মাফ কর। আমি কবিতা পড়া ছেড়ে দিয়েছি, তাই তোর কাছে পাঠিয়েছি। ঝামেলা মনে করলে বিদায় করে দে"

শহীদ ক্ষেপে গিয়ে বলে, "বিদায় করব কি করে, ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে প্রতিদিন, বেয়াদপের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুকে। আগে আমাকে লুকিয়ে সিগারেট খেতো আর এখন আমাকেই কিনে দিতে চায়। আমি নাকি হারামজাদার কবি বন্ধু এখন। কিসব যন্ত্রনা লেলিয়ে দিয়েছিস তুই!!"

সর্বনাশ! তাই নাকি? আমার তখন মনে পড়লো একদিন নিউমার্কেটের সামনে দেখা হলে তৈয়ব আমাকে বারবার জোর করছিল, ভাইয়া আপনাকে সিগারেট কিনে দেই, একটা খান।

বলেছিলাম, "আমি ভর দুপুরে সিগারেট খাই না।" শুনে খুব বেজার হয়েছিল তৈয়ব।

তাহলে এই মতলব? ভাগ্যিস খাইনি। শালা বেয়াদবীর আর্ট জানে। কোনদিন আমাকে গলায় জড়িয়ে ধরে বলতো, আয় দোস গাঁজা টানি এক সাথে। এ যে সুশীল বেয়াদপ! এর পর থেকে আমি তৈয়বের ছায়াও মাড়াই না। বাসায় বলা আছে তৈয়বকে দেখামাত্র যেন বলা হয় - "বাড়ীতে নেই আমি, চলে গেছি মার্কেটে।"

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

শাওন৩৫০৪'s picture


....হি হি হা হা, আপনার এই কা কা টা কিন্তু বেশ উচ্ছমার্গীয় হৈছে...

 

প্রাককালীন নৈশমুখী কাব্যবস্থায়, আপনার এই ধরনের যুগ পরবর্তী লেখা.....

নীড় সন্ধানী's picture


প্রাককালীন নৈশমুখী কাব্যবস্থায় Cry Cry Cry

মুকুল's picture


নীড় সন্ধানী's picture


কাঁচকলার জন্য ধন্যবাদ।

পাদটীকায় লিখতে চেয়েছিলাম কবিকুলের কাছে ক্ষমাপ্রার্থনাপূর্বক.........কিন্তু ওইটাও সুশীল হয়ে যাচ্ছিল Tongue out

আহমেদ রাকিব's picture


হা হা হা। মজা পাইলাম পৈড়া। আরামও পাইলাম। এই ভর দুপুরে ভরপেটে বৈসা এই রকম দারুন মজার মজার পোষ্ট পড়ার মজাই আলাদা। লেখাডা কি শেষ? নাকি চলবে?

নীড় সন্ধানী's picture


ধন্যা রাকিব ভাই.........লেখাটা এখানেই শেষ Innocent

হাসান রায়হান's picture


ওস্তাদ এইটা ফাটাফাটি হইছে। দারুন মজা পাইলাম ।

 

নীড় সন্ধানী's picture


ওস্তাদে ওস্তাদ ডাইকা শর্মের মধ্যে ফালায়া দিল Embarassed

হাসান রায়হান's picture


সিরিয়াসলি বস, এমন লেখা আমি লিখতে পারলে প্রইমাসে একটা কইরা বই বাইর করতাম। রস লেখা হিসাবে যে কোনো মান দন্ডে এইটা প্রথম শ্রেনীর।

১০

নীড় সন্ধানী's picture


নাহ, চিটাগাং আসলে আপনারে গলদা চিংড়ী খাওয়াইতেই হয় Cool

১১

হাসান রায়হান's picture


লেখাটা মানের বিচারে টপ ক্লাস হইছে। যে কোনো সংকলনে সংকলিত হওয়ার দাবী রাখে।

১২

সোহেল কাজী's picture


এইটা নীড়'দার একটা ক্লাসিক সৃষ্টি
প্রতিবার পড়ে হাহাপগে

১৩

নীড় সন্ধানী's picture


১৪

সাঈদ's picture


আগে পইড়াও মজা পাইছি, এইবারও পাইলাম।

১৫

নীড় সন্ধানী's picture


১৬

মেসবাহ য়াযাদ's picture


বলেছিলাম, "আমি ভর দুপুরে সিগারেট খাই না।" শুনে খুব বেজার হয়েছিল তৈয়ব।

তাহলে এই মতলব? ভাগ্যিস খাইনি। শালা বেয়াদবীর আর্ট জানে। কোনদিন আমাকে
গলায় জড়িয়ে ধরে বলতো, আয় দোস গাঁজা টানি এক সাথে। এ যে সুশীল বেয়াদপ! এর
পর থেকে আমি তৈয়বের ছায়াও মাড়াই না। বাসায় বলা আছে তৈয়বকে দেখামাত্র যেন
বলা হয় - "বাড়ীতে নেই আমি, চলে গেছি মার্কেটে।"

বিয়াপক মজা পাইছি... শহীদ / তৈয়ব তুমুল ক্যারেকটার...


১৭

নীড় সন্ধানী's picture


দুইজনরে আমিও মিস্করি

১৮

শওকত মাসুম's picture


আপনে বাসায় থাকেন কখন। একজনরে পাঠাইতাম, ৫টা খাতাসহTongue out

১৯

নীড় সন্ধানী's picture


পোড়াবাস্তব কবি হইলে পাঠাইতে পারেন Tongue out

২০

জমিদার's picture


কারন ছেলেটা লাসা প্রকৃতির
লাসা মানে কি ??

২১

মেসবাহ য়াযাদ's picture


লাসা মানে অাঠা, যে পিছু ছাড়ে না

২২

নীড় সন্ধানী's picture


চাঁটগাইয়া প্রচলিত শব্দ লাসা।

২৩

জেবীন's picture


সুশীল বেয়াদপ!...Laughing

লেখা মজার লাগছে......

২৪

নীড় সন্ধানী's picture


২৫

ভাঙ্গা পেন্সিল's picture


পরাবাস্তব পোড়াবাস্তব তো দূরের কথা...কবিতাই বুঝি না। Oups

২৬

নীড় সন্ধানী's picture


পরাবাস্তব না বুঝলে অসুবিধা নাই, কিন্তু পোড়াবাস্তব না বুঝলে আপনি কখনো ঢাকার রাস্তায় হাঁটেননি। রাস্তায় সবই তো পোড়া, তেলপোড়া, গ্যাসপোড়া, রাস্তাপোড়া, গাড়ীপোড়া, রিক্সাওয়ালা-ট্রাফিক-পুলিশ, সিঙ্গাড়া ডালপুরি সবই পোড়া তেলে ভাজা!

২৭

নুশেরা's picture


মজাই মজা। ট্যাবের দুইএকটা কবিতার নমুনাও দিতেন (ডিজুস ভাষারীতি অনুযায়ী তৈয়ব->ট্যাব) Laughing out loud

২৮

নীড় সন্ধানী's picture


সব নমুনাসহ ফেরত দিছি, নমুনা দিলে হয়তো নজরুলের কবিতাই দিয়া দিতাম Cool

২৯

টুটুল's picture


প্রাককালীন নৈশমুখী কাব্যবস্থায়, আপনার এই ধরনের যুগ পরবর্তী লেখা.....

SmileSmileSmileSmile
জট্টিল হৈছে Smile

৩০

নীড় সন্ধানী's picture


৩১

কাঁকন's picture


আমার খাছে "ভাগ্যিস পড়ি নাই। নইলে বলেই ফেলতাম, কবি আপনি তো মহান। কারন নজরুলের অনেক
কবিতা তখনো পড়া হয়নি আমার।"-- এইটা জটিল লাগলো; তিশার একটা নাটক দেখছিলাম; তিশার সব প্রাইভেট টিউটর তিশারে নিয়া কোবতে লেখত তিশারো আপনার মতন অবস্থা ছাইড়া দে মাকাইন্দা বাঁচি তো একজনের কবিতা তার খুব পছন্দ হইলো তার সাথে প্রেম ও হইলো পরে দেখাগেলো ঐ ব্যাটা রবীন্দ্রনাথের কবিতা কপি কইরা তিশারে দিত Smile

৩২

নীড় সন্ধানী's picture


তিশার ঐ নাটকটা দেখছি বোধহয় Laughing

৩৩

নজরুল ইসলাম's picture


ফাটাফাটি

৩৪

নীড় সন্ধানী's picture


৩৫

আশরাফ মাহমুদ's picture


কবিদের নিয়ে মজা করা ঠিক না। যেখানে দেখিবে ছাই, উড়ায়ে দেখ তাই। Wink
হা হা, লেখা অনেক মজার হইছে। এরকম আরো লিখেন (যদি-ও ক্যান জানি সন্দেহ হইতাছে একটা নিছক বানায়ে লিখছেন। Wink )

৩৬

নীড় সন্ধানী's picture


হা হা, বানায়ে না, কবি তৈয়ব সত্যই বিদ্যমান। তবে আমার সাথে এক যুগের বেশী দেখা নাই Smile

৩৭

রায়েহাত শুভ's picture


খেক খেক খেক...

৩৮

নীড় সন্ধানী's picture


৩৯

মুক্ত বয়ান's picture


হা হা হা হা!!!
মজাক পাইলাম। Smile Smile

৪০

নীড় সন্ধানী's picture


৪১

নরাধম's picture


Laughing

৪২

নীড় সন্ধানী's picture


৪৩

তানবীরা's picture


CryLaughingCry

তবে সুশীল হওয়া বিয়াফক গর্বের বিষয়

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নীড় সন্ধানী's picture

নিজের সম্পর্কে

ভুল ভূগোলে জন্ম নেয়া একজন অতৃপ্ত কিন্তু স্বঘোষিত সুখী মানুষ!