অন্ধকার সকাল
হাঁটতে হাঁটতে পুরো ঢাকা শহর চষে ফেললাম তারপরেও ক্লান্তি এলো না। সেই দুপুর থেকে হাঁটছি এখন প্রায় মাঝরাত। এবার কোথাও থামতে হবে নাহলে পুলিশ আবার আদর করে থানায় ভরে দেবে, দেশের যা অবস্থা! আর একটা সিগারেট শেষ করে ঐ মসজিদে রাতটা কাটিয়ে দেই। মনে হচ্ছে মাথাটা পুরো ফাঁকা, বোধশূন্য অবস্থা। জুলাই মাসের দারুন গরম তায় আবার প্রচণ্ড মশার উৎপাত, অথচ আমাকে কিছুই কষ্ট দিচ্ছে না – সত্যই কি বোধ হারাইলাম! পকেটে মোবাইল রাখতেই চিঠিটা বেরিয়ে এলো, একবার পড়েছি মাত্র।রিমি লিখেছে...
‘‘ওগো বাঁশিওয়ালা
এই সম্বোধনে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তুমি জানো আমার খুব পছন্দের। ক্যামন আছো তুমি? বড্ড সাদামাটা প্রশ্ন । তা হোক, তোমার আমার সম্পর্কটাই তো সাধারন কোন ভান-ভনিতা নেই, লুকোচুরি নেই তাইনা? সেই কবে তোমাতে মুগ্ধ হয়েছি সে রেশ এখনো কাটল না । আজো যদি আমায় নাম ধরে ডাকো মনে হয় লক্ষ বকুল ফুটল...
এর মাঝে কেন যে এমন হল! তুমি আমি আমাদের দিন রাত সব কি রকম হয়ে গেল! মজা পুকুরের মত জীবন ছিল আমার।যেখানে কচুরিপানাও প্রান পেত না, সেখানে পদ্ম ফোটালে তুমি। সমস্ত আকাশ আলোকিত করে তুমি গেয়েছ –
‘ বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলনা খুলনা ......’
জীবন তো একটাই বল সেই জীবনের গলায় দড়ি বেঁধে লাভ কি, তাকে তার গতিতে চলতে দিলেই ভাল। আমি চাই তুমি এমনি করেই খোলা হাওয়ায় ভেসে বেড়াও, তোমার নৌকায় পাল উড়িয়ে দাও আর যে তোমায় ভালবাসে তাকে পাশে রাখো। প্রকৃতিতে বর্ষা এসেছে আজ ধুম ভিজেছি সন্ধ্যায়। যখন আনন্দে থাকি - বৃষ্টি আনন্দধারা হয়ে ভাসিয়ে নেয়। আর দুঃখে ভাবি – আকাশেরও বিষম ব্যাথা ঠিক আমারি মত তাই কাঁদছে! আমি বৃষ্টিতে ভিজে কান্না ধুই দুঃখ ধুতে পারি না।
এইখানে নাই আকাশ ভরা তারা
ক্যামনে তোমায় এই আঁধারে রাখি ?
এই বাগানের ফুলগুলো সব ঝরা
ক্যামনে তোরা তোমার তরে বাঁধি?
ভালো থেকো।
ইতি
ভাঙা বাঁশি।’’
এখন আর কেউ আমরা চিঠি লিখি না ই-মেইল,এস এম এস-এ কাজ চালাই। রিমি লিখেছে , সে একটু অন্যরকম। এই নিয়ে তার সঙ্গে আমার প্রায়ই ছোটখাটো সংঘাত হয়। চিঠিটা পেয়ে মনে হল এটা ঠিক না। আজকাল ওর মনের খবরই রাখা হয় না, আসলে সময়ও তেমন পাই না। সবই তো ঠিকঠাক হচ্ছে তাহলে আর ও বেচারাকে কষ্ট দেওয়া কেন?আজ ছুটির দিন, সকালে চিঠি পেয়েই রিমির খোঁজে ছুটলাম। দেখাও পেলাম, কিন্তু...। নাহ এটুকু আমারি থাকুক।
ভোর হয়ে এলো এবার উঠতে হবে। আবার পথচলা ।





কথাগুলো খুব সুন্দর। লেখাটাও দারুণ!
ভালো লেগেছে।
সুন্দর হয়েছে
চমৎকার লেখা।
পোস্ট করেই কোথায় উধাও হলেন?
নিয়মিত লিখুন, ভাল থাকুন।
সুন্দর
সুন্দর
মন্তব্য করুন