রোদ্দুরের কবিতা ২
ভেসে যাক রোদ্দুর যেখানে তার উদারতা ছড়াবে বিস্তৃত
আমাদের নীল সরোবর বয়ে যাক মৃত্যুর মতোন হিমবাহে;
বেগুনি নৌকার পাল কুয়াশার আড়ালে ক্ষয়ে গেলে কার কী!
একা থাক তবে সাদা ঘর, অথবা দখল করে নিক ডাইনী বুড়ি
সুদীর্ঘ পাহাড় বেয়ে ওঠা সিঁড়িতে শ্যাওলা জমে ঢেকে দিক
পায়ের আওয়াজ কিম্বা ইতিহাসের সকল বিবর্ণ অক্ষর।
কুলফি মালাইগুলো বরফের আস্তরনে ধীরে সভ্যতারে
ডাকুক নতুন নামে। নামহীন মরে যাক পরাজিত জন;
রোদ্দুর কখনো যার কোনো নাম রাখে নাই, না রাখুক!
চলে যাক রোদ্দুর নতুন কোনো দেশে। এই ভূমি মৃত্যুর কাছেই
বাঁধা রয়ে যাবে, কোনো এক জ্ঞানী বৃদ্ধ বহুকাল আগে
বলেছিলো দৃঢ় কণ্ঠে, এই ভূমি মৃত্যুর মতোন বিরক্তির!
শীতল শীতল মিহি বরফ বাতাসে চাপা থাকুক মর্গের নীরবতা।
কোনো এক প্রত্নবিদ এসে একদিন ঠিক জেনে যাবে
রোদ্দুর চলে গেছে একবিংশ শতকে আমাদের ছেড়ে...
এই দেশে বোরডোম বেড়েছিলো শেকড়ে শেকড়ে;
এই দেশে স্বাধীনতার গায়ে নেকড়ের মতো নখের আচড়ে
আঁকা হতো দুঃশাসন আর নিয়মের অবুঝ বেষ্টনী।





মন্তব্য করুন