পাগলের দিনলিপি (পাঁচ)
যে মানুষদের আমি দিনের আলোতে দেখতে পাই নাই
তাদের রাতের অন্ধকারে বেশ চেনা মনে হয়...
পাহাড়া দেয়ার নাম করে যেনো কিছু ইনসমনিয়াক
কেবল চায়ের কাপে চুমুকে চুমুকে গানের প্রস্তুতি নেয়।
তারপর সপ্তকে ধরে "গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ..."
গানের প্রতিটি শব্দে পাবনার কোনো এক গ্রাম খুঁজে পাওয়া যায়।
সেই গ্রামে রাতের বেলায় মার্চ পাস্ট করে হাটে
রোমান্টিক বিপ্লবীরা, তারাও নিয়মমতো ইনসমনিয়াক।
দিনের আলোতে ভিড় ঠেলে এইসব মানুষ শহর পেরিয়ে যাবার
ফুরসত পায়নাই। ধীরে ধীরে রোদ্দুরের ক্লান্তিতে সুযোগ পেয়েছে
সংশয়ী চাঁদের ম্রিয়মান জোছনায় হেটে বেড়াবার।
পথের আতিথ্য নিতে নিতে তারা থমকে গেছে আদাবর হাউজিঙে।
আলো তো বটেই, অন্ধকারও তাদের পেরিয়ে যাবার সাহস রাখে নাই।
তবে আমি পথের এপার থেকে তাদের অন্তরে থাকা নিঃসঙ্গতা টের পাই...
টের পাই মানুষের ভিড়ে ভীত মানুষেরা, এই শহরের রাজা বনে যায় রাতে।





মন্তব্য করুন