পাগলের দিনলিপি (পঁচিশ)
বিচ্ছেদের অক্ষর সারিতে দেখি বসে আছে
আমার নিজের নাম। সাক্ষরে সাক্ষরে বিচ্ছেদের মুক্তি
দরজায় কোনো পাহারাদার দাঁড়িয়ে নেই।
এতোকাল নিজেই পাহারা দিচ্ছিলাম
আজ থেকে আসলে চাকুরী নেই...
এইবার তবে ক্ষয়ে যাবে স্যান্ডাল, ঠিকানা, পরিচয়, নামাবলী।
নিজেকে সাজিয়ে তুলে রাখবো কখনো সখনো
আহা! এমন বালখিল্যতা মানেই বিচ্ছেদ!
বিচ্ছেদ সাক্ষরে আগুন থাকার কথা
শুনতে পাই...অথৈ জলরাশি স্রোত কেটে
আমি বহুদূর চলে গেছি; আগুনের শিখা?
কোথাও জ্বলেনি তারা।
বিচ্ছেদের জল লুকিয়ে লুকিয়ে চলতে হয় বলে
ভাব দেখাই, জলেরো দেখা নেই
কেবলি বিচ্ছেদ চলে।
সাক্ষর এবং সাক্ষরহীনতা খেলা...
আমি এখন রাতের স্বপ্নে আর দিনের ব্রেক কে বাদ
সাক্ষর চর্চায় আছি, বিচ্ছেদের সাক্ষর নিখুঁত হতে হয়।
হা হা হা হা হা হা...





মন্তব্য করুন