যাবার বেলায়
আমার দুয়ারে শব্দেরা কড়া নাড়ে,
হিমেল বাতাসে কাঁপে সন্ধ্যার ছায়া
অস্ফুটে ডাকে ইশারায় চুপিসারে,
‘আয়, চলে যাই, ফেলে রেখে সব মায়া!
কোথায়, কখন, উড়ে যেতে হবে হুট—
ঝরা পাতাদের তা কি কভু জানা থাকে?
এই পড়ে থাকা, এই দেয়া কোন ছুট,
অচেনা পথের শীতার্ত বাঁকে বাঁকে!
কনীনিকা থেকে কিছু আলো মুছে গেলে
হাতড়ে হাতড়ে গোধূলির পথ চলা,
তবু অবিনাশী কিছু প্রেম-অবহেলা
সযতনে রাখে রূপশালী আলো জ্বেলে!
সাঁঝ-বেলা শেষে ক্রমশ অন্ধকারে
মিশেছে কাদের ধুসর-বরণ পথ?
ক্লান্ত-চিত্তে, অবসাদে, বারে বারে
টেনে নেয়া সেথা জীবনের ভাঙা রথ!
আমার দুয়ারে কালো ছায়া কড়া নেড়ে
যতই বলুক, যাবার সময় হলো—
প্রিয় পৃথিবীকে আরেকটু ভালোবেসে
বলব, ‘দেখি তো! ষোড়শী নেকাব তোলো!’





অনেক দিন পর লিখলেন।
শেষে এসে ভালো লাগল বেশ। কনীনিকা আর রূপশালী আগে চোখে পড়েনি কখনো।
মন্তব্য করুন