আলস্যের দিনলিপি ৩
আমার সবকিছু প্রচণ্ড অগোছালো হয়ে আছে। কতোটা অগোছালো তা মাপারও কোনো উপায় নেই। পড়াশুনা করি না কত যুগ তারও হিসেব নেই। অনেকদিন হল ক্লাসে যাই না। অনেকদিন হল বেলা দুপুর করে ঘুম থেকে উঠি। হটাৎ করে একদিন শীতকাল চলে এলো। আর আমার আলসেমিও কয়েকগুণ বেড়ে গেল। আমি আসলে করি টা কি? কোথায় আমার মন, জানি না।
অথচ আজ সকালে ঘুম ভেঙেছে। স্নান করে একটা ডিম ঝালফ্রাই দিয়ে ব্রেকফাস্ট করেছি। নজরুলের গান শুনতে শুনতে আরাম করে একটা সিগারেটও টেনেছি- মোর ঘুম ঘোরে এলে মনোহর। আহা কি স্নিগ্ধ সকাল। আর ভাবছি কেন ক্লাসে গেলাম না। এই ক্লাসটা খুব বেশি জরুরি নয়।
মানুষে এই শীতের সকালে স্নান করে অফিস যায়, স্কুল কলেজ যায়। আমি আলসেমি করে বিছানা ছাড়ি না। আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আমার আলসেমি করার সুযোগ আছে তাই করি। হয়ত আমার সুযোগটা নেই, তবু আমি ধরে নিচ্ছি যে আছে। এবং হয়ত এসবের জন্য পরে রিগ্রেট করতে হবে। যেমনটা অনেকবারই করতে হয়েছে। কারণ আগেও অনেকবার ভুল হয়ে গেছে।
কিন্তু অনার্স ফাইনাল আর দুমাস পরেই। তারপর কি হবে? কি করে আলসেমি করব, নেশা করে পড়ে পড়ে ঘুমাব- সেটা চিন্তার বিষয়। কারণ পড়াশুনা ও কাজ করার মত মানসিকতা আমি হারিয়ে ফেলেছি কবে জানি না। অথবা আমার কখনই সেটা ছিল না। কত অনিশ্চয়তা। কোনো কিছুই নিশ্চিত করে বলতে পারি না।
এসবের কি কারণ? কেন আমি এতোটা অলস হয়ে গেলাম কি করে। এসবই ভাবনার বিষয়। নিয়ন্ত্রণটা ফিরে পাবার কোনো আগ্রহ খুঁজে পাচ্ছি না। আমার মত এই একই সমস্যায় অন্য কেউ ভোগে কি না তা জানতে ইচ্ছে করে।
অথচ আমার কত কি করতে ইচ্ছে হয়, কত কি দেখতে ইচ্ছে হয়, কত জায়গায় যেতে ইচ্ছে করে। আমি আসলে কি চাই সেটাই চিন্তার বিষয়।





মন্তব্য করুন