রাতেরা আমার মতই নিঃসঙ্গ
তোমার ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস বাসার ঠিকানা সবই এখনও মনে আছে। মনে আছে বিকেলবেলায় এখানে সেখানে ঘুরে বেড়ানো তোমার সাথে, তোমার হাতটা ধরার জন্য কেমন করতাম আমি, তোমার মনে আছে?
চায়ের দোকান, অলিগলি আর অজস্র রিকশার হুডেরা কি মনে রেখেছে আজও আমাদের প্রেম করার দিনগুলো? খুব সহজ ছিলো এ শহরের ভীড়ে আমাদের হারিয়ে যাওয়া, অথচ আমরা খুঁজতাম নিরিবিলি, চলে যেতে চাইতাম দূরে কোথাও, বহুদূরে।
আজ আমি কেমন আছি তুমি জানো? আজ আমি চাইলেই তোমাকে ফোন করতে পারি না, তোমার বাসার গলি অব্দি যেতে পারি না, আজকাল আমার কোনো ইচ্ছেরা ঠিক বেঁচে নেই। নিজেকে মৃত মনে হয়। ঠিক যেন মরণের ওপারে বসে লিখছি এইসব কথা।
সত্যি অসহায় লাগে। জীবনে যা হয় সবই ভুল হয় আমার। আমি ঠিক করে কোনোকিছু করতে পারি নাই আজও। যেটুকু ক্ষতি হয়েছে তোমার আমার কারণে, তুমি ক্ষমা করে দিতে পারবে তো? যদি না পারো, দরকার নেই। যদি ইচ্ছে করে, শাস্তি দিয়ো। আমার মাঝে মাঝেই ঘুম আসে না। আজ রাতেও তাই। আমার এখানে ভালোবাসা নাই, এখানে রাত দিন মাসের পর মাস শুধু একা লাগে। আমি কোথায় শান্তি পাবো বলো? কোথায় গিয়ে?
জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেলো, শুধু আমি টের পাই এই শুন্যতা। মনের ভিতরের বিষগুলো কোনো কোনো রাতে খুব তীব্র হয়ে ওঠে। একলা একটা সমুদ্রের পাড়ে বসে বাকীসব রাত পার করে দিতে ইচ্ছে করে। দিনে দিনে আমি একটা বিকলাঙ্গ মানুষে রুপান্তরিত হচ্ছি। তবু আমি জানি না কেন আমি এখনও বেঁচে থাকতে চাই।
কেউ জানে না আমি কীভাবে বেঁচে আছি। যখন ঘুম আসে না, খুব ইচ্ছে করে তখন তোমাকে মেসেজ দিতে। আরও অনেক অনেক ইচ্ছে করে ভাঙ্গা বুকের ভিতরে। অযথা ইচ্ছেরা আমার।





মন্তব্য করুন