টুপুর-টাপুর বৃষ্টি ঝরে রঙ্গন ঝোপের পরে
১.
সেদিন তানবীরা'পু বলেছে, মানুষ মানুষকে ভালবাসবে এতে চেতার কি আছে? আইনটা চালু হওয়ার পর থেকে মেসবাহ ভাই সেটার পূর্ণ সদ্ব্যবহার করতেসে। কাজটায় আমার পূর্ণ সমর্থনও আছে। কারণ আমি লীনা আপুর সঙ্গে একমত। ভালোবাসা পবিত্র জিনিস।
২.
কবে যেন একটা মহল্লায় গিয়েছিলাম। সেটা একটা গাছ-গাছালিতে ভরা পাখির কিচিরমিচিরে মুখরিত মহল্লা। সেই সন্ধ্যায় একটা ঝুম বৃষ্টি হয়ে যাওয়ার পর মহল্লায় কেউ ছিলো না। আমি একা একা বসেছিলাম এক কাপ চা হাতে।
তখন যে রকম স্নিগ্ধ নীরব একটা অনুভূতি মনকে আচ্ছন্ন করে ফেলেছিলো, তেমন সবসময় করে না। যেন একটা জমাট বরফের টুকরা আস্তে আস্তে গলে পানি হয়ে যাচ্ছে। আমি খুব নিবিড়ভাবে নিজের সঙ্গে বসে বসে সময় কাটালাম। মানুষ তার জীবনে কয়টা সন্ধ্যা নিজের সঙ্গে কাটাতে পারে?
৩.
ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। ব্যস্ত শহর, ব্যস্ত সরকার, ব্যস্ত সচিবালয়, ব্যস্ত সংসদ, ব্যস্ত অর্থমন্ত্রী, কারণ তার সামনে বাজেট। চারিদিকে এত ব্যস্ততা যে, খুঁটিয়ে দেখতে বসলে দীর্ঘ ব্যস্ত সময় কেটে যায়। এরমধ্যে একটা বিষয় দেখে মনে হলো, বলতে পারি একটা কথা। সাংবাদিকতার কাজটুকু ছাড়া আমি কখনো অর্থনৈতিক বিনিময়ের সঙ্গে সম্পৃক্ত কোনো মাধ্যমে লিখবো না। ওস্তাদ আমাকে সেই সামর্থ্য না দিক। বিন্দুমাত্র অসুবিধা হবে না।
৪.
তারচে' বন্ধু-বান্ধব একসঙ্গে বসে আলাপ-সালাপ করি এই তো অনেক। খুব কাছে থেকে বন্ধুর মাতৃবিয়োগের ঘটনা প্রত্যক্ষ করলাম। একটা শক্ত কথা বলি, শোক সহ্য করার শক্তি খুঁজে পেতে বেশি দিন সময় লাগে না। এছাড়া আর কিইবা করার আছে? মানুষ এত অসহায়, ভাবতে বসলে নিজের অসহায়ত্ব চোখ ফেটে বেরিয়ে আসে।
৫.
তবে হ্যাঁ। সবাই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাক। আমার কারো জন্য অশুভকামনা থাকে না। খুব পছন্দের একজন বন্ধু বলে গেছেন, জগতের সকল প্রাণীই সুখী হোক। আমি বলি, তারা সুখের সর্বোচ্চটা দেখতে পাক। মানুষের জীবন বড় অমূল্য জিনিস। জীবনে না দেখা কোনোকিছু পার হয়ে যাওয়া উচিত না।
৬.
অস্থির সময় জীবনেরই একটা অংশমাত্র। এটা মানুষকে ভিন্ন এক অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেই অনুভূতিকে চেনা উচিত। জীবনকে বুঝতে হলে অস্থিরতার দরকার আছে। যেটার দরকার নেই, সেটা হচ্ছে অনুপ্রেরণা। আমি দেখেছি, পৃথিবীতে অনুপ্রাণিত হওয়ার মতো ঘটনা অনেক ঘটে, কিন্তু তাতে মানুষের কিছুই যায় আসে না। যতক্ষণ না কেউ নিজে একটা কিছু ঘটিয়ে ফেলেছে, ততক্ষণ আসলে সে নিজেকে চিনতে পারে নি।
৭.
মাথার ভেতরে সিরিয়াস জ্যাম লেগে আছে। নীড়দা' কই? রাত তিনটার সময় মহানগরীর ভেজা রাস্তায় হাঁটতে ইচ্ছে হয়। আমি বোধহয় একদিন সমুদ্রে সমাধিস্থ হবো। আমার শরীর অনুভব করবে পানির অপরিসীম সুষম চাপ। মনে হয় খারাপ লাগবে না একটুও।
৮.
আমার প্রিয় তিতিরপাখি
তুমি দূর আকাশে ওড়ো
তুমি ওই আকাশেই থেকো
হয়ে সবার চেয়ে বড়।
---





মন্তব্য করুন