ভ্রমণকাহিনীমতো
"আগে জীবন ভালোবাসি
চলো জীবন ভালোবাসি
মিল অমিলের হিসেব ছাড়াই
জীবন ভালোবাসি"
তাসরীফের গানটা শুনতে শুনতে সেদিন ভাবছিলাম, জীবনের আধাঁর দিকগুলো নানান রূপে জীবনজুড়েই সঙ্গে লেগে থাকে। ব্যস্ত কিন্তু নিরিবিলি, পূর্ণ কিন্তু স্থির, কোলাহলে ভরপুর কিন্তু সে আনন্দের কোলাহল- 'নিখাদ' এমন কোন মুহূর্ত আমাদের জীবনে সহজে আসে না। সাধনায় ধরা মেলে হয়তো। বিশ্বজগতের অনন্ত লড়াইয়ের সংসারে নিজের একটা ছোট্ট শান্তির কুড়েঘর-মন গড়ে তোলার সাধনা। যেখানে গিয়ে মানুষ সবসময় নিজেকে দেয়ার জন্য একটু আশ্রয় খুঁজে পায়। কল্পনায় ডুবে দেখে আসতে পারে মনের গহীন গভীরে সবকিছু এখনও ঠিকঠাক আছে কিনা।
সেবার লামায় বেড়াতে গিয়ে একজন সাধককে দেখেছিলাম। পেশায় চিকিৎসক আর অন্তরে সাধক। আসলে সাধনার অনেক রূপই রয়েছে, অনেক কারণও। আমার যেটা দেখতে সবসময়ই অতিরিক্ত ভাল লাগে সেটা হচ্ছে কোন মানুষ একটা কিছুর সাধনা করছে। আসলেই করছে- সে বিষয়টা। মানুষের ভেতর যখন কোন একটা বিষয়ের ওপর প্রবল অনুরাগ সৃষ্টি হয়, মানুষ সেটির খোঁজে বেরিয়ে পড়ে। ঘর থেকে নয়। মনের ভেতর তার যে বিচরণের ক্ষেত্র সেখান থেকে। এই ঘরছাড়া মানুষগুলোকে দেখতে প্রবলানন্দ রয়েছে।
আমাদের দলে অবশ্য আসল মানুষের কোন কমতি ছিল না। সবাই একনিষ্ঠভাবে ভ্রমণপর্বটি উপভোগের চেষ্টা করেছি। লামা কিংবা আলীকদম যাওয়ার পথের একমাত্র বাধ্যবাধকতামূলক অনুষঙ্গ হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ইয়াংছা বাজারের সামনে সামরিক বাহিনীর চেক পয়েন্ট। কক্সবাজার থেকে রওনা দেয়ার পর একবার ছবি তুলতে মাঝখানে বিরতি নেয়া হয়েছিল, আরেকবার ইয়াংছা বাজারে ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি করতে। এ দু'টো বিরতি, স্পীকারে ১১ বার দোতং পাহাড় গান আর সব মিলিয়ে শ'পাঁচেক ছবি; সম্পন্ন করতে করতে লামা যখন পৌছুঁলাম তখন বিকাল ছুঁই ছুঁই। চটজলদি আঁধার নেমে যাওয়ার আগেই বাজার শেষ করে নৌকার পানে ছুট লাগালাম। দলের সকলেই ততক্ষণে নৌকায় উঠে গিয়েছে। বাজারে গিয়ে খানিক দেরীই হয়ে গিয়েছিল। পাহাড়ি মুরগী পাওয়া যাচ্ছিলো না বলে বাজারের ভেতরের একটা দোকানে অনেকক্ষণ অপেক্ষা করে ফেলেছিলাম। ওই দোকানটাতেই শুধু পাহাড়ি মুরগী ছিল কিন্তু দোকানদার ছিল না।
দৌঁড়ে এসে নৌকায় উঠতেই মাঝি ইব্রাহীম ছেড়ে দিল ইঞ্জিন। এই শব্দটা কানে প্রথমবার প্রবেশ করলে তালা লাগার একটা অনুভূতি হয়। একটু পর থেকে যখন কানে সয়ে যায়, তখন আর সেই অনুভূতিটা থাকে না। আর লামা বাজারের অংশটুকু পেরিয়ে প্রথম পাহাড়ের বাঁকটি নিয়ে নিলেই দুই পাশে সবুজের 'আন্তর্জাতিক বাণিজ্য মেলা'। তাও আগারগাঁও চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠের মতো সংকীর্ণ জায়গায়। সিম্পলি চোখে দেখে শেষ করা সম্ভব না এমন সমারোহ, পাহাড়ি সবুজের। মাঝখানে হলদেটে মাতামুহুরী নদীটা।
এঁকেবেঁকে চলে গেছে দুই পাশে বিস্তীর্ণ দেখার বিষয়বস্তু ছড়িয়ে ছিটিয়ে রেখে। বাংলার মতো জার্মান ভাষায়ও এই কথাটা বোঝানোর জন্য একটি শব্দ রয়েছে। জেহেনভুরদিশ-কাইট। যার অর্থ দর্শনীয়। কোথাও পাথুরে পাহাড় সোজা নেমে এসেছে নদীতে, আর সেই পাহাড়ের গা থেকে উঠে আসা বাঁশগাছের ডাগর কচি ধারালো পাতাগুলো ঝুলতে ঝুলতে চলে এসেছে নদীর অনেকটা ভেতরে। আবার কোথাও নদীর পাড়ে মুখে আঙুল পুরে পিঠে ঝাপি নিয়ে, যেটা আবার প্যাচানো গামছা দিয়ে কপালের সামনে দিয়ে ঘুরিয়ে তৈরি লুপের দ্বারা বাঁধা- দাঁড়িয়ে আছে ছোট্ট মারমা শিশু, পাশে তার মা।
মা'র পিঠের ঝাপি ভর্তি পাহাড় থেকে সংগৃহীত ফল, শেকড়, শাক; মাছও ধরেছে হয়তো, কচুর ডগাগুলো উঁকি দিচ্ছে ঝাপির ভেতর থেকে, আর মাথায় এক আঁটি কুড়োনা ডাল। অনেক বড় আঁটি মায়ের ছোট্ট শরীরটার তুলনায়। শিশু আর তার মা অপলক নয়নে নৌকার দিকে তাকিয়ে আছে দেখে হাত নাড়লাম। ছোট শিশুটি পাল্টা হাত নাড়লো। মুখে হাসি। ততক্ষণে আমাদের নৌকা অনেক সামনে চলে এসেছে। আমি আপনমনে খানিক শিশুটির নিষ্পাপ হাসির কথা ভাবলাম। কিচ্ছু চায় নি শিশুটা। শুধু একটা হাত নাড়ানো ছাড়া।
নৌকায় তখন অনেক হৈ-হুল্লোড় হচ্ছে। ইঞ্জিনের প্রকট ভট ভট শব্দ ঢাকার জন্য নৌকায় এমনিতেই সবাইকে জোরে জোরে কথা বলতে হয়। পাশাপাশি পরিবেশের দাবি মেটাতে থাকে উচ্চস্বরে সংগীত শ্রবণের আয়োজনও। সবমিলিয়ে একটা হৈ-হুল্লোড়। প্রাণের। উচ্ছ্বাসের। দেখে বিমলানন্দ হয়।
তবে বেরসিক সন্ধ্যাটা বেশিক্ষণ সে সুযোগ দিল না কাউকেই। ওখানে সন্ধ্যা নামার বেলায় সর্বপ্রথম সূর্যিমামা টুপ করে ডুব দেন সবচে' দূরের পাহাড়টার পেছনে। তারপরের প্রথম পাঁচ মিনিট হচ্ছে দিনের শ্রেষ্ঠ পাঁচটি মিনিট; যখন আপনি থাকবেন ওইখানে।
পাঁচ মিনিট পর থেকে আলো ধীরে ধীরে কমতে থাকবে। এবং পরবর্তী ১০ মিনিটে অন্ধকারটা ফুটে উঠবে। তারপর থেকে সব ঘুটঘুটে অন্ধকার। আশপাশে কৃত্রিম আলো খুব কম। শুধু আপনার আপন ফোনের আলোই হয়তো একমাত্র আলোর উৎস অনেকখানি এলাকা জুড়ে।
নগরজীবনে নিজের জন্য এক চিলতে সময় বের করা বড়ই দুষ্কর। সেখান থেকে ঠেলেঠুলে যখন খানিকটা সময় বের করেই ফেলা হয়, তখন কিন্তু নিজের সে সাফল্যে নিজেই আমরা খুশি হয়ে যাই। সেই খুশি ছড়িয়ে থাকে নিজের কাজে, আচরণে। সেদিন সন্ধ্যার আঁধারে এক পাহাড়ি পাড়ায় স্থানীয় পিঠে আর মুন্ডি দিয়ে যখন আমরা নাস্তা সারলাম, তখন আশপাশের সৌন্দর্য কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু তাতে অভিযোগ ছিল না কারও কোনো।
আমাদের থাকার ডেরাটা ছিল অদ্ভুত। পাহাড়ের ভেতর গাছগাছালিতে ভর দিয়ে বানানো কাঠের ঘরে। ঘরগুলো শক্ত-পোক্ত। আবার বেশি বাতাস হলে নড়েও খানিক। তবে চোখের সামনের দৃশ্যপট মারাত্মক! মাতামুহুরী নদী ঘোড়ার খুরের মতো একটা বাঁক নিয়েছে ঠিক ওই জায়গাটায়। বাঁকের মাঝখানটায় সবুজ পাহাড়। তার ঠিক অপরপাড়েই আপনি। ভরসকালে মেঘের ভেতর এক কাপ চা হাতে বসে বসে দেখতে পাবেন কিভাবে ধীরে ধীরে চা-এর-কাপ-ধরা-হাতটাও-দেখা-যাচ্ছিল-না এমন একটা অবস্থা থেকে চোখের সামনে বিশাল মাতামুহুরী, আর তার ওপরের ঘন সবুজ পাহাড় এবং দুরের দু'পাশের পাহাড়ি এঁকেবেঁকে চলে যাওয়া নদীপথটা পরিস্কার হয়ে উঠলো। দুই ঘন্টার ব্যবধানে।
প্রথম রাতে খাবারের আয়োজন ছিল সামান্যই। কিন্তু যাত্রাদিনের স্বাভাবিকতায় ক্ষুধার্ত ছিলাম সবাই। পাহাড়ি মরিচ দিয়ে রান্না করা ঝাল ঝাল দেশি মুরগী, টুনা আর নাইলোটিকা মাছ বার্বিকিউ। খেয়ে দেয়ে সেই রাত্রে সবাই খুব তাড়াতাড়ি ঘুম। শুধু জেগে রইলাম ছেলেরা কয়েকজন। এলাকা পাহারা দেয়ার জন্যে। চারিদিক নিঝুম হয়ে যাওয়া পর্যন্ত।
ভরসকালে কি হয় সে কথা আগে বলেছি। পরদিন ভরসকালে মেঘ কাটার পর যখন সবাই মিলে আবার বের হলাম, তখন গন্তব্য আলীকদম। ঝর্ণা দেখতে চাই। আগের রাতের অবশিষ্ট খাবারগুলো গরম করে খেয়ে বের হয়েছি।
আমাদের সঙ্গী হ্নীমং পথ দেখিয়ে নিয়ে গেল। গাড়িতে সবসময় গান আর আনন্দ একসঙ্গে চলছিল। মাঝখানে দু'বার সামরিক বাহিনীর চেক পয়েন্ট পার হতে হলো। তারপর গিয়ে পৌছুঁলাম ঝর্ণাটা দেখতে। শুকনো মৌসুমে ঝর্ণা আশাহত করলো। তবে আশপাশের প্রকৃতি আর আলীকদমের পাহাড়ি পথ সেই কমতি পুষিয়ে দিয়েছিল।
আমাদের দেশের আনাচে-কানাচে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো বিশ্বমানের সৌন্দর্য বুকে লুকিয়ে রেখেছে। কিন্তু এখনও বিশ্ববাসীর সঙ্গে পরিচয় হয় নি জায়গাগুলোর। এটা একটা জাতীয় চিন্তা হতে পারে। লামা-আলীককম, বান্দরবান বা খাগড়াছড়ি যাওয়ার যে প্রধান সড়ক; তার অনেক জায়গায়ই অবস্থা সঙ্গীন। তারপরেও সেই রাস্তাগুলো দিয়ে ভ্রমণের এবং দুইপাশের চোখ আটকে ধরে রাখা সৌন্দর্য উপভোগের অভিজ্ঞতা অমূল্য। কিন্তু প্রধান রাস্তাটি ছাড়া ভেতরে ভেতরে যাতায়াতের আরও একই রকম রাস্তাঘাট খুবই জরুরি। অল্প ক'টি দেশে যা ঘুরেছি, সবখানেই দেখেছি; মানুষ নিজেদের 'সেহেনভুরডিশ-কাইট'গুলোকে অত্যন্ত সুগম করে রেখেছে। যাতায়াত করা সহজ। তারপর ওখানকার পরিবেশ কেমন, সেটা অন্য কথা।
আমাদের দেশে সেই যাতায়াতের সুগম্যতাই নেই। মীরসরাইয়ে দারুণ একটা ঝর্ণা দেখতে গিয়েছিলাম সেবার সঙ্গীনির সঙ্গে। অনেকটা পথ লাল ইট বিছানো দু'পাশ ক্ষয়ে যাওয়া রাস্তা পেরিয়ে তারপর নৌকা। নৌকাপথে পাড়ি দিতে হবে একটি নয়নাভিরাম লেক। নিচে স্থির জল আর দু'পাশে ঘন সবুজ জঙ্গল। চট্টগ্রামের জঙ্গলের খ্যাতি পূর্ববঙ্গের পরিচিত ইতিহাসের পুরোটা কাল জুড়েই রয়েছে। মাঝে মাঝে জঙ্গলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল মাস্টারদা' সূর্যসেনদের কথা।
কিন্তু নৌকাযাত্রা শেষে সেখানেও আবার দুর্গম পদযাত্রা। অথচ পাহাড়ের ধার দিয়ে লোহার রেলিং আর সিড়ি করে দিলেই মানুষ সহজে হেঁটে যেতে পারে ঝর্ণা পর্যন্ত। তাহলেই সববয়সী মানুষের জন্য জায়গাটা ঘুরে দেখা সম্ভব হয়। ধীরে ধীরে দেশ-বিদেশের পর্যটক আসা শুরু করতে পারে। অথচ এইটুকু কাজই কেউ করছে না।
সেবারও আমরা শুধু আলীকদমের রাস্তার সৌন্দর্যই উপভোগের সুযোগ পেয়েছিলাম। অনেক উচুঁ থেকে দেখেছিলাম কিভাবে একেকটা পাহাড়কে ঘিরে ঘিরে রাস্তাগুলো নেমে গিয়েছে নিচে। তারপর ওরকমই একটা রাস্তা ধরে নেমে এসেছিলাম সূর্যাস্ত খোঁজার উদ্দেশ্যে।
আগে থেকেই ঠিক করা ছিল, সূর্যাস্ত খোঁজা হবে মিরিঞ্জা ভ্যালীর কোন পাহাড়ে। জায়গাগুলোর নাম স্থানীয়ভাবেই গড়ে উঠেছে। মিরিঞ্জা ভ্যালীতে যেতে আমরা সকলে মিলে একটা চাঁদের গাড়ি ঠিক করলাম। পথের বন্ধুরতা মাথায় রেখেই। কিন্তু সে বন্ধুরতা যে তীব্র আকার ধারণ করবে তা ভাবি নি। সত্যি বলতে কি, দুই কি একবার আমিও ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম। আজ যদিও সহজে বলে দিচ্ছি কথাটা, গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে ঠিকই।
তবে সেসব ভুলেই গিয়েছিলাম গন্তব্যে পৌঁছানোর পর। পাহাড়ের খাঁজে আরও আরও গাছে ভর দিয়ে বানানো ঘর। শক্ত-পোক্ত কিন্তু জোরবাতাসে নড়ে। সেগুলোতেই মানুষ বেড়াতে যায়। গিয়ে দু-এক রাত থেকে আসে।
একটা ঘরের সামনে দেখলাম সামনে বড় মাচা করে রেখেছে। বসে আশপাশের প্রকৃতি দেখার জন্য। মাচায় গিয়ে বসার আগে আমরা ছবি তুললাম বেশ কিছু। চারপাশে ভাল ছবির সব উপাদান। পাহাড়ে ছবি তোলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখতে হয়, তা হলো পাহাড়ের বাঁকগুলো। ছবির পটভূমিগুলোকে এ বাঁকগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হয়। ছবি দেখে যেন মনে না হয় যে সম্ভাব্য বাঁকটি আপনি লক্ষ্য করেন নি। তাহলে ভাল ছবি আসতে বাধ্য।
আমাদের সঙ্গে আরও ছিল শেষ বিকেলের কনে দেখা আলো। সূর্যিমামা বিদায়বেলায় তার যাওয়ার পথের সবচে' উঁচু পাহাড়টা যখন পেরোচ্ছিল, ঠিক সেই সময়টায়; মুঠো ভরে চারিদিকে ছড়িয়ে দিয়ে গিয়েছিল কনে দেখা আলো। রাজকীয় সেই সোনারং আমার সঙ্গীনির চিবুকে ঠিকরে চারিদিক ছড়িয়ে পড়ছিলো দেখে বললাম, ওভাবেই থাকো। একচুলও নড়ো না।
মেয়েটি ছবি তোলার সময় এক মুহূর্তও না নড়ে থাকতে পারে না। নড়তে তাকে হবেই। ওড়নার ভাজ বরাবর একবার হাত স্লাইড করে নামাতে হবে, ভাজ ঠিক আছে কিনা। ওটাকে একবার সামনে টানতে হবে, জায়গামতো আছে কিনা। জামার ঝুল একবার দেখতে হবে, কোথাও কিছু লেগে আছে কি না। কপালের চুল একবার ঠিক করলে হবে না। দুইবার ঠিক করতে হবে। তারপর আবার ওড়নাটা অকারণেই একটু টানতে হবে। ততক্ষণে কিন্তু সূর্য্যের আলো অনেক নিচে নেমে গেছে। যে জায়গাটায় ঠিকরে পড়ছিল, সে জায়গাটায় আর পড়ছে না।
এই সমস্যায় সত্যিকারের ছবিটা যেন হাতছাড়া না হয়ে যায়, সেই জন্যই আমি সেই 'একচুলও নড়ো না' বলার সময় থেকেই ক্লিক করা শুরু করেছি। শুধু সেই আলোর চারিদিকে ছড়িয়ে পড়ার জায়গাটুকু ফোকাস করে। মূলত এ কারণেই ছবি তোলার সময় আমি একসঙ্গে অনেকগুলো ছবি তুলে থাকি। পরে সেসব ছবি বাছতে সমস্যা হয় সত্যি, কিন্তু সঠিক ছবিটিও তো হাতছাড়া হয় না।
মিরিঞ্জা ভ্যালীতে সূর্যাস্ত দেখে আবার আমাদের ডেরায় ফিরতে ফিরতে অন্ধকার ঘুটঘুটে হয়ে এসেছিল। একদিন পড়ন্ত বিকেলের আলোয় আমাদের ডেরার মাচাটায় সবাই একসাথে বসে গল্প করার সুযোগ পাওয়া গেল না। সে রাতের খাবারের মেন্যুতে ছিল কাকড়া, স্কুইড আর শাপলাপাতা মাছ। স্কুইডের স্বাদ মুখে লেগে ছিল সকলের অনেকদিন। পাহাড়ের ছোট ছেলে হ্নীমং-য়ের অসাধারণ রান্নার হাত, পুরো ভ্রমণেই যোগ করেছিল এক অনন্য মাত্রা।
পাহাড়ে পুরো একটা দিনের বেশি সময় কাটিয়ে ততক্ষণে আমরা সবাই-ই কমবেশি পাহাড়ি হয়ে উঠেছি। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই। সকালে ভোরে ওঠার চেষ্টা করি। শরীর যেন বলতে চাইছিল, পাঁচটা দিন এখানে থেকে দেখো, জীবনের সবকিছুতে ডিসিপ্লিন আনিয়ে ছাড়বো।
অবশ্য এর পেছনে সামষ্টিক ভূমিকাই কাজ করেছে মূলত। আমাদের দলভর্তি সত্যিকারের মানুষ, তাদের কেউ সাধনা করছেন, কেউ জীবনের প্রকৃত শান্তির সন্ধান, কেউ খুঁজছেন ঝড়ের আকাশে উড়তে থাকা প্রশ্নের উত্তর- পাহাড়ে পরিবেশে থাকা শুরু করলে ধীরে ধীরে সকলেরই মনের আশা পূরণের পথে আগায়। আমি জানতাম কারণ আমি এর চাক্ষুস প্রমাণ দেখেছিলাম। সেবারও আমাদের সবাইকে মন্ত্রমুগ্ধ করে চালিয়ে নিয়ে যাচ্ছিল পাহাড়। পরদিন ভোরে সবাইকে একসাথে ঘুম থেকে উঠে পাহাড় বাইতে প্রস্তুত হতে দেখে তাই আমি অবাক হই নি। এমনটাই হওয়ার কথা ছিল জানতাম।
মাত্র আধাঘন্টার পাহাড় বাওয়া ছিল সেদিন। পাহাড়ের ভেতর দিয়েই। চারপাশে বড় বড় সেগুন গাছ। মাথায় মেঘ লেগে আছে সেগুলোর। হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। শরীরটা পাহাড় বাইতে গিয়ে ভেতরে ভেতরে গরম হচ্ছে। কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল মধ্যযুগের সেই শেরউড জঙ্গল। দস্যু রবিন হুড কি কোথাও আশেপাশেই লুকিয়ে দেখছে আমাদের আর মুচকি হাসছে? ভাবছে, আজকালকার ছেলেপিলে...হাহ!
সুখিয়া ভ্যালীর চূড়ায় উঠেছিলাম সেদিন আমরা। আশপাশে যতদূর চোখ যায় শুধু মেঘ আর মেঘ। দূরের পাহাড়গুলো একটাও দেখা যাচ্ছিল না। শাদা পেঁজা তুলার মতো মেঘে ঢাকা তেপান্তরে আমরা ক'জন গোল হয়ে বসেছিলাম। দুরে একটা আদিবাসী শিশু তাকিয়ে দেখছিল আমাদের।
অনেকগুলো ছবিও তোলা হলো সেখানে। আশপাশে বাঁশের ওপর ভর দিয়ে বানানো কাঠের ঘর ছিল অনেক। তারপরেও জায়গাটা খোলামেলা। আমরা তো মানুষের ঘরের ভেতর দিয়ে তাদের বারান্দায় গিয়ে পোজ দিয়েও ছবি তুলেছিলাম কয়েকটা। জায়গাটার পুরো ডিজিটাল সদ্ব্যহার করেছি বলা যায়। আমাদের সঙ্গে একটি শিশু ছিল, যার ছিল ছবি তোলায় অনীহা। সেও সেদিন বেশ কয়েকটি ছবি তুলেছিল। শিশু আর শিশুর মার কিছু ছবি তোলার মাঝখানেই দলের সবচেয়ে স্বতঃস্ফূর্ত ব্যাক্তিটি এসে আমায় বললো, "বিশেষ ছবির বুদ্ধি এসেছে মাথায়। আমি প্রবলবেগে মাথা নাচাবো। অনেকটা আমাদের আবদুল কুদ্দুস বয়াতী কখনও কখনও যেভাবে নাচায়, কিন্তু পুরোটা না। তুমি ছবি তুলতে থাকবে, আলো-ফ্রেম-ফোকাস সবকিছু ঠিক রেখে। ওকে?"
দলের এ সদস্যটির মাথায় যে খানিকটা ছিট রয়েছে তা সকলে জানে। কিন্তু ভাল ভাল সব ছবির বুদ্ধি তার মাথা থেকেই আসে। তাই আমি বেশি বাক্য বাড়ালাম না। পটাপট তুলে ফেললাম যেমন বললো তেমন বেশ কয়েকটা ছবি। তা থেকে একটা দেখা গেল আসলেই তুলে ধরে এনেছে, কেবলই মেঘের দেশে মুক্তি পাওয়া এক শক্তিশালী বিহঙ্গের উচ্ছ্বাস। বিহঙ্গ উড়তে চায়। তার সামনে খোলা আকাশ। পুরো পৃথিবীটা দেখতে চায় পাখির চোখে, হাওয়ার রাজ্যে ভাসতে ভাসতে। আমি ছবিটা দেখে কিছুক্ষণ আসলেই মনে মনে তার ছবির বুদ্ধির তারিফ করলাম।
সেদিন আমাদের ফেরার দিন ছিল। পাহাড় থেকে নেমে আমার সঙ্গিনী আর তার দুই প্রাণসখী সুবসনা হয়ে ছবি তোলার ইচ্ছে পোষণ করলেন। অনেকগুলো ছবি তোলা হলো। একক ও দলবদ্ধ। স্বতঃস্ফূর্ত ও বানোয়াট। সকল প্রকার। উনারা সকলে মিলে একবার নাচের একটি ভিডিও করতে গিয়ে করলেন না। একজন পিছিয়ে এলেন। আমার সঙ্গিনী আর তার এক সখী- দু'জনে মিলে, সেই চিরসবুজ 'আকাশ বাতাসে চল সাথি উড়ে যাই চল' গানে নেচে ফেললেন পাহাড়ের মাঝখানে। অনেক জোরাজুরির পর অবশ্য।
তারপর ফেরার পথে স্পীকারে বাজছিল কুড়েঘর ব্যান্ডের "পাহাড় যাবো পাহাড় যাবো" গান। আবার কোন একদিন পাহাড় যাবো। তাই এবারের যাত্রা শেষ হবার আগেই শুনছিলাম সবাই,
"ত্রিস্তংয়ের গাছের ফাঁকে
মেঘেরা লুকিয়ে থাকে
কিছুদুর হেঁটে এক পাড়ায় যাবো চল
বিন্নি ধানের চাল চড়িয়ে
বাঁশকুড়ুল মাখিয়ে
এক পৃথিবী তৃপ্তি নিয়ে
খাবি কি না বল।"
---





মন্তব্য করুন