পুরুষ জীবন
জটিল জীবনের আবর্তে চলো আরো একটু ঘুরপাক খাই
আরো কিছু নতুন ধাঁধাঁকে সুযোগ দাও
তোমায় জেরবার করবার,
আরো কিছু কুটিলতা আর কিছু পরিস্থিতির শিকার হও,
ধরা খেয়ে হাত কামড়াও আরেকবার।
পার্কে, রাস্তার টংয়ে বা চেনা কোনো ক্যান্টিনেই নাহয় তারপর
গিয়ে একটা চা আর একটা সিগারেট চেয়ে নিও,
এবং নির্জন কোনো কোণা খুঁজে নিয়ে
ভাবনায় ভেসে যেও।
পুরোনো স্মৃতি হাতড়ে খুঁজে বের কোরো
নতুন শত্রুর জন্য এককালে তুমি কি কি করেছিলে
কতভাবে তার প্রতি বিশ্বস্ততার প্রমাণ দেয়ার চেষ্টা চালিয়েছিলে
কতবার তার একটু মায়াভরা হাতের প্রতীক্ষায় সময় কাটিয়েছিলে,
সবগুলো কথা ভেবো, কোনোটা যেন বাদ না পড়ে।
এভাবে এক সময় দেখবে চায়ের পাত্র নিঃশেষ হয়েছে
সিগারেট পুড়ে ফিল্টার ছুঁয়েছে
আর তোমার অন্তর খুঁজে পেয়েছে
সমুদ্রের কালো তলদেশের ঠিকানা।
তখন নিজেকে তুমি নিজেই তুলে নিও নিজের কাঁধে
বোলো, ‘বাহ্ এইতো বেশ আছি, ঠিক কিনা?’
তারপর আবারো প্রতারিত হবার উদ্দেশ্যে সবকিছু প্রথম থেকে শুরু কোরো
কেউ মানা করবে না। তবে এইবার জেনে রেখো এ চক্র তোমায় আবারো পূরণ করতে হবে।
এ থেকে মুক্তি পাবে না।
---






মন্তব্য করুন