পাওলো কোয়েলহোর পেন্সিল
সময় নামের বইটার পাতা পেছনে উল্টিয়ে মাঝে মাঝে তোমার আমার যৌথ জীবনে উঁকি দিতে যাই। সাধারণত ঘটনাটা ঘটে যখন রাতের আকাশ আলো করে চাঁদের আনাগোনা দেখা দেয়। অথবা প্রকৃতির খুব কাছাকাছি চলে গেলে (যতোটা কাছাকাছি গেলে পৃথিবীর প্রতিটি জিনিসের সৌন্দর্য্যই চোখে পড়ে) তোমার কথা মনে পড়ে।
কক্সবাজারের ইনানী সৈকতে গিয়ে তোমায় শিশুর মতো খুশি হতে দেখেছিলাম। তখনই মনে মনে ঠিক করে ফেলেছিলাম আমরা পৃথিবীর প্রতিটি সুন্দর জায়গায় ঘুরতে যাবো। তোমাকে হাসতে দেখলে আমার মাঝে এক অজানা শিহরণ জন্ম নিতো। শুধুমাত্র সেই অনুভূতিটা বারবার পাওয়ার জন্য অনেকটা স্বার্থপরের মতোই তোমায় নিয়ে ঘুরতে বের হওয়ার সিদ্ধান্তটা নেয়া হয়েছিল।
অথচ ওয়াল-ই একা একা ঘুরে বেড়ালো দুর্গম, রোমাঞ্চকর, নগরছেঁড়া প্রকৃত প্রকৃতির দেয়ালে দেয়ালে; আর পেন্টুশ ছুটে বেড়ালো শহর থেকে শহরে, গ্রামে-গ্রামান্তরে কিন্তু তারা দু'জন একসাথে শুধু ওই সমুদ্র সৈকতটাতেই যেতে পেরেছিল, একবার। দুর্ভাগ্যবশত পরিকল্পনারা সব রয়ে গেল পরিকল্পনা হয়েই। বাস্তবায়িত হলো না কোনোদিন।
আর, সেই একটা ছোট্ট স্মৃতি রয়ে গেলো জোনাকির আলো হয়ে। গভীর রাতে জোনাকিটা মাঝে মাঝে উড়তে বের হয়। তখন খানিকটা চোখ জ্বলে, খানিকটা জ্বলে বুকও। কষ্টরা বুকে জমে থাকতে থাকতে এক সময় অনেক গভীরে চলে যায় এবং রহস্যময় হয়ে ওঠে। ঠিক যেভাবে সাগরের সবচেয়ে গভীরে থাকা প্রাণীগুলো আজও রহস্যাবৃত হয়ে আছে মানুষের কাছে।
তোমার স্মৃতিগুলো এখন অন্যরকম হয়ে গেছে, জানো? আজকাল বুঝি না, তোমায় নিয়ে ভাবতে ভাল লাগে, নাকি লাগে না? তবে তোমায় নিয়ে ভাবা কখনও থামাতে পারি না। পাওলো কোয়েলহোর পেন্সিলের মতো অবস্থা আমার। জীবন যে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না।
---





আপনার লেখাগুলো ভীষণ কষ্ট জাগানিয়া। আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে মানুষ কষ্ট কেন পায়? কষ্টটাকে মুছে ফেলার কি কোন উপায় নেই? আমার মন সবসময়ই সমাধানের রাস্তায় ছোটে। কেন যেন বুঝতে পারি না যে এই ছোট্ট একটা জীবনে কষ্ট পেয়ে বা দিয়ে আসলে কি লাভ হবে। যাই হোক ভাইয়া ফেরার যদি পথ থাকে তাহলে ফিরে যান। একটাই জীবন
একচুয়ালি, সমাধানগুলো সব সময় স্ট্রেইট লাইনড্ হয় না, জানেন? যেমন আপনারটার কথাই ধরেন না, যদি ফিরেও যাই তাহলে আরও একবার যে একই রকম সমস্যা হবে না- তার কি কোনো নিশ্চয়তা কি আছে?
যাই হোক, সুন্দর মন্তব্য আর শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
যার মন সমাধানের আগেই সমস্যার ভয় পাচ্ছে তার ফিরে না যাওয়াই ভালো
"পেইন ডিমান্ডস টু বি ফেল্ট।"
মন্তব্য করুন