কবিতা: মাঝির বিভ্রম কিংবা জোনাকি
অন্ধকারের ভেতর থেকে সুধার মতো উঠে আসা আলোর ঝলকানি
রাংতা মোড়ানো উপহারের বাক্সে সাজানো নতুন জীবন হাতে নিয়ে,
খুঁজে বের করে নীল দরিয়ায় লুকিয়ে থাকা এক অশরীরি মাঝিরে,
ফিরিয়ে আনার চেষ্টা করে আবার, এই পুরোনো গোলক-সংসারে।
কারা যেন সে সময় ফিস ফিস করে বলে- মাঝি শোনো,
যে জীবন আলনায় বহুকাল ঝুলে ছিল জমানো
নতুন শাড়িটার মতো, পড়া হবে কোনো এক নবান্ন-সন্ধ্যায়
দেখা হবে দু'জনের, হাসি ছড়িয়ে পড়বে তারায় তারায়,
সে জীবন ঝরে গেছে; গোলাপের কুঁড়ি যেভাবে
শুকিয়ে যায় যত্নের অভাবে।
আজও কি জেনেছো মাঝি এ জীবন বিভ্রম না জোনাকি?
সাগরের হাতছানি আবার দাঁড়িয়েছে ধরে ভাঙা দুয়ার
সজনের ডালে ধরেছে শাদা রঙয়ের বাহার, আর তুমি কি
ঠিক-ঠাক জানো ওদের সাথে সময় কাটাতে পারে মন এখনও?
নাকি মাঝি তুমি ভুলে গেছো?
তোমার হয় না, হয় নি কখনো।
---





নাকি মাঝি তুমি ভুলে গেছো?
তোমার হয় না, হয় নি কখনো।
মীর অনেক দিন পর তোমার লেখা পড়লাম। ভালো লাগল।
থ্যাংকিউ শাপলা আপু। আপনের নতুন লেখা পাই না অনেকদিন।
এখন আর সময় হয় না ব্লগে ঢোকার। অনেকদিন পর এবি'র উঠানে আসলাম। খুব ভাল লাগলো আপনার লেখা।
ইশ, তোমার লেখাগুলার শেষটা এত ভালো হয়
মীর্ভাই; হিংসা লাগে মাঝে মাঝে!
মন্তব্য করুন