তোমার চিঠির একমাত্র পাঠক হিসেবে বলছি
প্রিয় ছটফটানি,
দূরে চলে যাও। ভাল থাকো কিন্তু দূরে থাকো। আই লাভ ইউ বাট আই কান্ট ডিল উইথ ইউ এনিমোর। প্লীইইইইজ। আর যদি দূরে চলে যেতে না পারো, তাহলে কমে যাও যতোটা পারো। এতটুকু কি তুমি করতে পারো? তোমার কারণে আমি ক্ষত-বিক্ষত হয়ে আছি। না পারছি সহ্য করতে, না পারছি অগ্রাহ্য করতে। তুমি একটা খারাপ। খুব ভীষণ খারাপ।
বাইরে থেকে আমার ক্ষত দেখা যায় না কিন্তু ভেতরে উঁকি দিলেই সব পরিস্কার বোঝা যায়। আমি তোমাকে চাই না আর। একবারও না, একটুও না, একদমই না। সরে যাও। ভুলে যাও। আর কাছে এসো না। আমাকে আমার মতো থাকতে দাও। প্রিয় ছটফটানি দূরে চলে যাও। দিগন্তে মিলিয়ে যাও। মেঘ হয়ে উড়ে যাও। দরিয়ায় ভেসে যাও। জাস্ট প্লীজ চলে যাও।
আমি একবারের জন্য একটু স্থিরতা পরখ করে দেখতে চাই। ঘাসের ডগায় জমে থাকা শিশিরকণার মতো সূর্যের আলো গায়ে মেখে হাসতে চাই। সুলতান মেহমেতের গম্বুজের মতো গম্ভীর হয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে চাই। আর কিছু না হলে অন্তত সাগর তীরের বালুকাবেলার মতো নিজেকে বিলিয়ে দিতে চাই।
প্রিয় ছটফটানি দূরে চলে যাও। বহুদূরে। পতুর্গালে। কিংবা আরও দূর। ব্রাজিল, বা আর্জেন্টিনা, অথবা দক্ষিণ মেরু। সেখান থেকে বার্তা পাঠিও। আমি উত্তর পাঠাবো, প্রমিজ।
আমাদের যৌথ জীবনটা অসাধারণ ছিল। যে কেউ আমাদেরকে হিংসা করবে, আমি জানি। তবে একটা সময় সুন্দর থাকতে থাকতেই, সামনের দিকে এগিয়ে যাওয়া ভালো। একটা চিঠি আকর্ষণীয় থাকতে থাকতেই সেটাকে শেষ করে দেয়া ভালো। তোমার চিঠির একমাত্র পাঠক হিসেবে বলছি প্রিয় ছটফটানি, এখানেই এটা শেষ করো। আমাদের গল্প বেঁচে থাকবে চিরকাল। মানুষের মুখে মুখে। যদি এখনই এটা শেষ করো।
ভালো থেকো।
শুভেচ্ছা।
---





ভালো লাগলো

ভালো খেলুড়েদের খুব কমই দেখি ফর্মের তুঙ্গে থেকে অবসরে যেতে, খুবই কঠিন কাজ বলে মনে হয়!
মানে কি?
(
মন্তব্য করুন