নিঃশব্দ প্রহর

মাঝরাতে ঘুম ভেঙ্গে যায় কদাচিৎ
গভীর নৈঃশব্দে জেগে থাকি, একাকী !
পাশে ঘুমন্ত চেনা মানুষ, অচেনা লাগে- কখনো;
নিদ্রাহীন স্বপ্নের মাঝে খুঁজে ফিরি নিজেকে
সুখি জীবনের ভিড়ে!
জেগে ওঠে দুঃখ-বেদনা-বিষন্নতা
নিঃশব্দ প্রহর গুনি চাঁদ ডোবা রাতের অচেনা আঁধারে,
বিস্মৃতির অতল হতে ছুটে আসে দুঃস্বপ্নের ঘুণপোকারা
নিশীথের নিস্তব্ধতায়, নির্ঘুম রাতের প্রহরে
রাত জাগা, একা; চেনা-জানা অনেকের মাঝেও!
অদম্য আকর্ষণে অবিরাম ছুটে চলা
আনাদিকালের তরে; এক ঘোর স্বপ্নযাত্রায় !
উদাসী প্রহরে রাত জাগা, হাজারো নক্ষত্রের মত!
গভীর নিশীথে স্বপ্নগুলো বিবর্ণ হয় কখনো,
বুকের ভিতরে জমাটবাধা কষ্টগুলো
গাঢ় নীলাভ হয় শঙ্খনীল বেদনায়!
স্মৃতির আগল খুলে খুঁজে বেড়াই অস্তিত্বের কঙ্কাল,
জোছনা বিহীন আকাশে মেঘের ছায়ার মত জেগে থাকে
ঘুমহীন ক্লান্ত দু’চোখ, অশরীরি অন্ধকারে;
শঙ্খচীল সময়গুলো জাগতিক চৈতন্য ভুলে
উদভ্রান্ত পথিকের মত ছুটে চলে মহাকালের মহাযাত্রায়!
কৃষ্ণপক্ষের অন্ধকার থেকে ভেসে আসে স্বপ্নভঙ্গের আর্তনাদ
অপেক্ষার প্রহরে অধরা আকাশ; কেবলই মায়া!





শুভ কামনা।
শুভ কামনা আপনার জন্যেও।
সুন্দর!
থ্যাঙ্কু
বুকের ভিতরে জমাটবাধা কষ্টগুলো
গাঢ় নীলাভ হয় শঙ্খনীল বেদনায়!
ছবিটা দারুণ!
ধইন্যা। অনেক দিন পরে ব্রো !
লেখা চলুক।
বিচ্ছিন্নভাবে পড়লে কিছু শব্দ সুন্দর, কিন্তু কবিতা হিসেবে দুর্বল মনে হল।
মন্তব্য করুন