একলা পাখি

একলা নীড়ে একলা পাখি
মন খারাপের এমন দিনে
বৃষ্টি ভেজা প্রহর কাটে
অপেক্ষাতেই!
চোখের কোণে স্বপ্ন আঁকি
দিনের শেষে রাত্রি নিঝুম
বাদলা দিনের একটানা ঘুম
অলস আঁখি!
স্বপন ঘোরে থমকে দাঁড়ায়
নিজেই নিজের দুঃখ তাড়ায়
কার তাতে কি আসে যায়
এই বরষায়!
মেঘলা দিনের উদাস ক্ষণে
বাউল মনের দিন কেটে যায়
ঝড়ের বাতাস দোল দিয়ে যায়
মনের কোণে!
শ্রাবণ মেঘের ভেলায় ভাসি
মনের সাথে মন মিতালি
রংধনুতে রাঙিয়ে আকাশ
সুপ্ত হাসি!
রঙিন আলো ছড়ায় মনে
লাল-হলুদের আগুন লাগে
জারুল কদম সোনাঝুরি
কৃষ্ণচূড়ার বনে!
সকাল সন্ধ্যা বৃষ্টি মুখর
ঝড় বাদলের গুমোট আকাশ
বিষণ্ণতায় ঘিরে থাকা
উদাস প্রহর!





মন্তব্য করুন