বন্ধু ছাড়া একা আমি
আজও সময়ের পনের মিনিট পর কাজ থেকে বের হলাম। ওরা সবাই নিশ্চই চলে গেছে। লকার রুম থেকে তাড়াতাড়ি ড্রেস পাল্টে বের হয়ে এলাম। ওরা ঠিকই চলে গেছে। থাকবে না নিশ্চিত ছিলাম। কখনও ওরা আমার জন্য অপেক্ষা করে না। তবুও মনের কোথাও একটা আশা বা গোপন ইচ্ছা ওরা আমার জন্য কাজ শেষে অপেক্ষা করবে। এই দূর প্রবাসে একই দেশ থেকে এসেছি সবাই। একই জায়গায় কাজ করি। ওদের চারজনের একজন দেরি করলে ঠিকই তো অপেক্ষা করে। আমার জন্য কেন করে না?
ধুর, আমি একটু বেশিই ভাবি। ওদের চারজনকে দেখলে আমার চার বন্ধুর কথা মনে পড়ে। ওদের ক্লাস শেষ হত ১:৩০ টায়। আমার ৩ টায়। তবু ওরা আমার জন্য অপেক্ষা করে থাকত। ওরা চারজন দেখতেই শুধু আমার সেই চার বন্ধুর মত। ওরা আমার বন্ধু না। তবে কেন প্রতি রবিবার কাজের শেষে আশায় থাকি ওরা অপেক্ষা করবে আমার জন্য? বন্ধুদের মধ্যমণি ছিলাম আমি। তাদের মধ্যমণি হতে চাই না। শুধু একটা দিন যদি অপেক্ষা করত আর বলত, " এত দেরি? তাড়াতাড়ি চল, ট্রেণ চলে যাবে তো।"
জানি এই দেশে আমাকে এভাবে বলার মত কেউ নেই। কোন বন্ধু নেই এখানে আমার। বন্ধু ছাড়া বেঁচে থাকা কত কষ্টের, তা আমি কখনও বুঝতে চাই নি। কেন হল এমন? আল্লাহ্ আমাকে আমার বন্ধুদের কাছ থেকে এত দূরে কেন নিয়ে আসল? আমি কি এতই অপরাধ করেছি যে আমাকে এত কঠিন শাস্তি দিচ্ছে?





হায় বৈদেশ..
মন্তব্য করুন