কবিতা: সমাচার
একটা খবর হচ্ছে, একজন একদিন একজনকে
লুকিয়ে ফেলেছিল বুকের ভেতরে,
তারপর ভুলে গেছে।
স্থান ছেড়ে দেয়ার প্রস্তুতিপর্বে
গোলাপের মতো ফুটলেও
তার স্বামী সেদিন
মুগ্ধ হয় নি ততখানি,
যতখানি হয়েছিলো পড়শীরা।
অথচ অভাজনের
কখনো
সাধ মেটে নি।
ভেজা চন্দনে আগুন ধরে নি
সৎকার হয় নি একটা লাশের,
সেটা বৃষ্টিশেষের
ছন্নছাড়া রোদে, সিক্ত
সময় পেরিয়ে
আর নিজেকে খুঁজে পায় নি।
তারপর গুমোট ঊষ্ণতা বুকে ধরে একজন
মেঘেদের দলে মিশে যায়, আর
কন্ঠসম অপ্রাপ্তির ফেনাগুলো
উপকূলে আছড়ায়।
চলছে এভাবেই,
সুখবর এই যে;
এখনো সে সকালে ঘুমায়
দিনে গাত্রদাহ অনুভব করে
রাত জেগে ডেরায় ফেরে
অশালীনরকম কুকড়ে থাকে,
ভেতরে খুন্তি-শাবলের চাঁড়
পড়তে থাকে অনবরত
শক্তিধর ডায়াফ্রামটা
তবু অক্ষত,
যেন অনুভব না করলে
বা তাকে নিয়ে না ভাবলেই
ভুলে থাকা যায় সবকিছু।
অথচ তারপরও অকারণে আমাকে সে প্রশ্নটা করে আবারো
মাঝে মাঝেও কি তাকে মনে পড়ে না অন্যকারো?
---





মন্তব্য করুন