অলৌকিক লন্ঠন
কেমন এলোমেলো দাঁড়িয়ে আছো তুমি
হাতে নিয়ে অনিশ্চয়তার অলৌকিক লন্ঠন
যে যখন ভিক্ষা মাগে পথ
কেমন নির্লিপ্ত হাতেম তাইয়ের মত, তুমি নাকি
এদিক ওদিক দোলাও লন্ঠনের আলো।
পথ ভুলে কানাগলিতে চলে এলে কোন বেভুল, শুনেছি
নিঃশব্দে তাকেও চিনিয়ে আনো হাত ধরে।
তোমার অলৌকিক লন্ঠন যেন ক্রমাগত দোল খায় বাতাসে
অন্ধকার রাত্রিতে তুমিই নাকি হও নাবিকের শেষ বাতিঘর।
প্রবল শীতে বেড়ে গেলে রক্তের ডাক
তোমার লন্ঠনই নাকি উম হয়ে ধরা দেয় শহরগামী কোন শ্রমিকের কাছে
অথচ আমি, এই ঘোর দুঃসময়ে দাঁড়িয়ে রইলামতো রইলামই
সেকেন্ড গেছে, মিনিট গেছে, দিন গেছে, চলে গেছে ঘুমের পরে ঘুম
অথচ তোমার অলৌকিক লন্ঠন কেবল দুলতেই লাগলো পেন্ডুলামের মত
আর যখনি ছুঁতে গেলাম, হয়ে গেলো পলায়নপর
অস্পস্ট ধুধু মরিচিকা
{(c) MNI, 04/03/2012}





ভাল লাগল।
অনেক বেশী ভালো লাগলো...
আপনার কবিতা ক্রমাগত ভাল হচ্ছে... একটি বিষয় পুরোই ছেনে আনা হচ্ছে।
মন্তব্য করুন