আমার '৭১
টুটুল লিখেছেন, "আমার কোন ভুল না হলে মু্ক্তিযুদ্ধকে আপনি একেবারে আপনার পরিপক্ক অবস্থায় দেখেছেন। আপনার সেই সময়কার কথা শুনতে চাই। যেটা পরবর্তীতে ইতিহাস হয়ে পথ দেখাবে পরবর্তী প্রজন্মকে ।"
সত্যিই তো, আমার সে সময়কার কথা এ সময়ের তরুণদের শুনবার ও জানবার আগ্রহ থাকতেই পারে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্লাশের ছাত্র - ৬৮-৬৯এর প্রতিটি আন্দোলনের, প্রায় প্রতিটি মিছিলের প্রত্যক্ষ অভিজ্ঞতায় সমৃদ্ধ । ৭০-৭১এ কলেজের শিক্ষক, ছাত্রদের মুক্তিযুদ্ধে যোগদানে উৎসাহী ও উদ্বুদ্ধ করা এ সব তথ্য আমি কাউকে জানাবো না কেন ?
আমার কন্যা ও পুত্র কোথাও ভর্তি হবার জন্য অথবা চাকরীর আবেদন করলে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে পারে না । আমার নাতনী আমাকে জিজ্ঞাসা করেছে, "নানা, তুমি কি মুক্তিযোদ্ধা ?" আমাকে সরাসরি বলতে হয়েছে "না" । আমার মুক্তিযোদ্ধা সনদ নেই । নিজ হাতে মুক্তিযোদ্ধাদের সনদ বিলি করেও নিজের জন্য একটা সনদ আমি নিতে পারিনি । ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা কমান্ডার কতবার বলেছে একটা সনদ নিয়ে রাখতে । আমি রাজী হইনি । আমার একই কথা - ওরে সার্টিফিকেটের জন্য তো মুক্তিযুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে মুক্তির জন্য, একটা স্বাধীন ও সুন্দর দেশের জন্য ।
ভালই করেছি সনদ না নিয়ে, রাজাকার আজ সনদ নিয়ে মুক্তিযোদ্ধা হয়ে গেছে । মুক্তিযুদ্ধ এখন একটি দলের একক কৃতিত্ব হয়ে গেছে । অথচ ৭১ ছিল কত সুন্দর এক সম্প্রীতির নাম । আমি রাজনীতিবিদ নই, এখনকার রাজনীতি ঘৃণ্য । অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে যে সব কথা আলোচনায় এসে পড়বে তা রাজনীতির কথা বলেই মনে হবে ।
আমার মনে হচ্ছে, অনেক বেশী বলা হয়ে গেছে । অতএব ...............





নাজমুল ভাই, মোটেও বেশি বলা হয় নি। লেখাটার ক্ষুদ্রাকৃতি আসলে একেবারেই অপ্রত্যাশিত।
'৭০-৭১-এ কলেজের শিক্ষক, ছাত্রদের মুক্তিযুদ্ধে যোগদানে উদ্বুদ্ধকারীর জবানবন্দি পড়তে চাই।
নাজমুল ভাই, ৭১ এর সাধারণ মানুষের কথা শুনতে চাই।
আপনার আশে পাশে ছিলো হয়তো অনেকে, যাদের কথা কোন জীবনীকার কখনো লিখবে না। আপনি ছাড়া হয়তো আর কেউ তাদের কথা মনে রাখেনি।
রাজনৈতিক নেতাদের কিংবা মুক্তিযুদ্ধের বীর সেনানীদের কথা হয়তো অনেকে লিখেছেন, ভবিষ্যতে আরও অনেকে লিখবেন, গবেষণা করবেন। কিন্তু ৭১ এ বাংলাদেশের সাধারণ মানুষের ত্যাগ এর গল্পগুলো অকথিত থেকে যাবে, যদি আপনার মত লোকজন না বলে।
অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
শুনতে চাই আপনার কথা। কেউ যদি তাতে গা নাই করে কিছু এসে যায় না। আমরা কেউ কেউ তো জানলাম।
ওরে সার্টিফিকেটের জন্য তো মুক্তিযুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছে মুক্তির জন্য, একটা স্বাধীন ও সুন্দর দেশের জন্য
কথাটি খুবই ভালো লাগলো। আপনার কাছ থেকে যুদ্ধকালীন সময়ের কথা জানতে চাই। আরো বড়ো পোষ্ট চাই। আপনার অভিজ্ঞতা জানতে চাই। ভালো থাকবেন। আরীবের জন্য রইল ভালোবাসা।
এসবের বিস্তারিত পড়তে চাই।
এ ভারী অন্যায় হলো নাজমুল ভাই। এখানে '৭১ যতোটাই না উঠে এলো তারচে' বেশি উঁকি দিলো আপনার বুকভরা অভিমান( বুঝবার ভুল হলে ক্ষমাপ্রার্থী) আরো বিস্তারিত শুনতে চাই। শুভ কামনা থাকলো।
আমরা শুনতে চাই একজন নাজমুল হুদার কথা। যিনি মুক্তিযুদ্ধকে দেখেছেন সামনে থেকে। যিনি তার পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন। যিনি তার বন্ধুদের আবেগ অনুভূতি গুলো দেখেছেন। যিনি তার প্রতিবেশীদের ত্যাগ তিতিক্ষা... লাঞ্ছনা-গাঞ্জনা দেখেছেন। যিনি দেখেছেন তার সহপাঠি এবং সহকর্মীদের কাছ থেকে।
মুক্তিযুদ্ধ ছিল গনমানুষের যুদ্ধ। এটা কোন দলের যুদ্ধ ছিলো না। একটা দেশের সকল মানুষের (রাজাকার, আলবদরের সমর্থকরা বাদে) সমর্থন না থাকলে এতবড় একটা যুদ্ধ এত অল্প সময়ে শেষ করা যেত না।
বস... আমরা শুনতে চাই ৬৯ থেকে ৭৫ পর্যন্ত ... আমরা স্বাধীনতার পরবর্তী প্রজন্ম। আমাদের জন্য লিখুন।
বন্ধুগণ, আপনাদের আগ্রহ আমাকে আবেগাপ্লুত করছে । স্মৃতি এখন পুরু পর্দায় আবৃত । আমাকে সময় দিন । পর্দা সরিয়ে কিছু যদি হাতড়ে পাই, তা যত ক্ষুদ্রই হোক আপনাদের দেবার আগ্রহ আমার রইল । শুভেচ্ছা সবাইকে ।
অপেক্ষায় থাকলাম। খুব শীঘ্র লেখা দিন। ভালো থাকবেন।
আপনার লেখাটা ভাল লাগল। আমার দুই চাচা সরাসরি মুক্তিযুদ্ব করেছেন। একজনো যথাসময়ে সার্টিফিকেট নেন নাই। একজন মারা গেছেন, গত বছর। অন্যজন গত মাসে বি ডি আর, পিলখানা থেকে সার্টিফিকেট নিয়েছেন, শুধুমাত্র কবরস্ত হবার সময় মুক্তিযোদ্বা হিসাবে গার্ড অফ অনার পাবার জন্য।
আমরা সত্যি বড় বিচিত্র জাতি। যাকে সন্মান করার কথা তাকে করি না। করি শশুর বাডীর চালতোলা কুতাকে!
নাজমুল ভাই, আপনি আবার লেখালেখি শুরু করুন। পুরোদমে।
লেখালেখি নিয়ে থাকতে পারলে তো ভাই আমি বেঁচে যেতাম । তা'হলে হয়তো, আপনার মত তরুণদের সঙ্গ আমার তারুণ্যকে ফিরিয়ে দিত । আমি আবার স্বপ্নের জাল বুনতে পারতাম, পারতাম আমার আমাতে ফিরে যেতে । আমি চাই তরুণদের মত হতে, আমি চাই পৃথিবীটাকে সুন্দর করে তুলতে, সত্যিই আমি আবার স্বপ্ন দেখতে চাই । আপনাদের সঙ্গ সব সময় পেলে সে অসম্ভব সম্ভব হতেও পারে !
মন্তব্য করুন