এই ক্লান্ত কাঁধে একবার রাখুক বাবা ভরসার ওই হাত
প্রিয় রাজশাহী থেকে অনেক দুরে আছি - দুরে আছি কলমুখর রাজধানী থেকেও - এ এক অন্য ভুবন - পূণ্যভূমি সিলেট - এখানেই পড়ে আছি - অনেকটা যেন নির্বাসনে - আধুনিক স্থাপত্যের একটা ডুপ্লেক্স বাড়ি - আপাতত এটাই আমার আশ্রয়স্থল - এ বাসার সবকিছুই সুন্দর - খুব বেশী সুন্দর আর নিঁখুত - তবু মন বসে না - দামী ফার্নিচারের ভীড়ে মাঝে মাঝে নিজেকেও প্রাণহীন কাঠামো মনে হয় - আমি একতলা দোতলা করি - অস্থির পদচারণ - এই পুরো দালানে একমাত্র জীবিত প্রাণী আমি - বিদ্যুত এখানে নিরবিচ্ছিন্ন - কক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত - আমার মত ছাপোষা মধ্যবিত্তের জন্য এই বিলাসিতা বাড়াবাড়ি রকমের - এত আরাম আমার সয় না - এই বাসার ছাদটাকে কিন্তু বড় আপন মনে হয় - বৃক্ষলতা ছাওয়া ছাদ - এখান থেকে বহুদূর চোখ যায় - এই বাসায় এটাই আমার সবচেয়ে প্রিয় স্থান - অশরীরী আঁধারের কোলে এই আমার নির্জনবাস - যদিও আমি একা - তবু যেন কেউ আছে - রাতের কাঙ্ক্ষিত অতিথিরা - যে রাতগুলোয় অনিদ্রার রাজত্ব - আমি ছুটে যাই ওই ছাদে - রাত আমাকে কত কিছুই না দেখায় - কত অদ্ভুত সব দৃশ্য - যে না দেখেছে সে বুঝবে না - একপর্যায়ে চাঁদ স্ফীত হয় - তারপর আবার শুরু হয় সংকোচনের খেলা - অবিন্যস্ত মেঘেরা দৃষ্টি বিভ্রম তৈরী করে - তারাগুলোর সাথে মিলে রহস্যময় সব অবয়ব আঁকে - আমি স্তম্ভিত হয়ে যাই - আকাশের প্রজেকশন স্ক্রিনে দেখি কত প্রিয় মুখ - পরাবাস্তব তবুও প্রাণঘাতী সব সুখ- কাল রাতে বৃষ্টি ছিল - আমিও ছিলাম ওই সমতলে - আকাশের বুকে - প্রায় সারারাত খুঁজে ফিরেছি একটি প্রিয় মুখ- কিন্তু কাল মেঘেরা আমায় সঙ্গ দিল না - সব অবয়ব কেমন যেন ছেড়া ছেড়া - চাঁদ ও যেন বিমুখ - অতি প্রিয় সেই মুখ মেঘের আল্পনায় ধরা দিল না একবারও - আমি খুঁজলাম - শুধুই খুঁজলাম - কিন্তু হায় - কোথায় সেই মুখ - কোথায় সেই প্রিয় জন - কোন অভিমানে মানুষটি চলে গেছে আত্মগোপনে - মানুষটি কি জানে - তার জন্য এখনো একজন তীব্র ভালবাসা নিয়ে রাত জেগে থাকে - হাহাকার ভরা প্রার্থনায় - কম্পিত হাতের পৃষ্ঠে - ভেজা চোখের অনাড়ম্বর শেষকৃত্যে - শুধু তাকেই খুঁজে ফিরে -রাত তখন প্রায় শেষ - তীব্র এক গ্লানি বোধ মন জুড়ে - তারপর শুনলাম - একজন আহ্বানকারী ডাকছেন - 'আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম' - 'ঘুমের চেয়ে নামাজ উত্তম ঘুমের চেয়ে নামাজ উত্তম ' - খুব প্রিয় সেই মানুষটি বলতেন - পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দাবলী নাকি এটাই - গত রাতে আমারও তাই মনে হয়েছে - আমি তাঁকে দেখতে পেলাম - অনেক দুরের ওই আকাশে নয় - সামনের গলিতে - ল্যামপোস্টের তির্যক আলো বৃষ্টি কণাকে ছেদ করছিল - আলো আধারির সেই সুক্ষতম নকশা শ্রেষ্ঠ স্থপতিকেও ঈর্ষান্বিত করবে - সেই মাহেন্দ্রক্ষণেই আমি দেখলাম - একটিই ছাতা - দুটি মানুষ - ছেলে হাঁটছে বাবার হাত ধরে - বলিষ্ঠ একটি হাতে ধরা ছাতা - স্নেহময় অন্য হাত ছেলের কাঁধে - কি অদ্ভুত সেই দৃশ্য - কত চেনা এই পদচারণ - এ যেন আমার সেই বাবা - আর অতীতের সেই ছোট্ট আমি - হায় - পৃথিবীর সব সুধা ছেড়ে দিতে রাজি আছি - অকুন্ঠে ছেড়ে দেব দুর্লভ পরমায়ু - শুধু একবার ফিরে পেতে চাই সেই ক্ষণ - এই ক্লান্ত কাঁধে একবার রাখুক বাবা ভরসার ওই হাত- এই পঙ্কিল দেহে - শুধু একবার পেতে চাই ওই স্নেহস্পর্শের স্বাদ.





মন ছুঁয়ে যাওয়া লেখা।
চমৎকার লেখা। পড়ে ভাল লাগলো।
চমৎকার লেখা!
লেখা ভাল লেগেছে।
আপনি অনেক ভাল লেখেন ।
মন ছুঁয়ে যাওয়া লেখা
মন্তব্য করুন